বিশ্বকাপ শেষ থিয়াগো আলকানতারার
বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল থিয়াগো আলকানতারার। ক্লাব বায়ার্ন মিউনিখের অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছেন স্পেনের এই মিডফিল্ডার।
বায়ার্ন মিউনিখ বৃহস্পতিবার জানায়, আগামী শনিবার জার্মান কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলা হচ্ছে না আলকানতারার। ২৩ বছর বয়সী থিয়াগোর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে।
আলকানতারার ছিটকে পড়াটা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের জন্য বড় একটা ধাক্কা। গত সোমবার আলকানতারাকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছিলেন কোচ ভিসেন্তে দেল বস্ক। কিন্তু এখন তার বিকল্প খুজতে হবে দেল বস্ককে।
ব্রাজিল বিশ্বকাপের ‘বি’ গ্রুপে স্পেন তিন প্রতিপক্ষ নেদারল্যান্ডস, চিলি ও অস্ট্রেলিয়া।
জাতীয় দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন আলকানতারা। তাছাড়া গত গ্রীষ্মে অনুর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। স্পেন জিতেছিল ৪-২ গোলে।
