২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের বিশ্বকাপ দলে কস্তা তোরেস

বিশ্বকাপের জন্য স্পেন দলে ডাক পেয়েছেন ব্রাজিলে জন্ম নেয়া দিয়েগো কস্তা ও নিজেকে হারিয়ে খুঁজতে থাকা ফের্নান্দো তোরেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 08:10 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

মঙ্গলবার বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ভিসেন্তে দেল বস্ক।

আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার কস্তা ব্রাজিলেই বেড়ে উঠেছেন। জন্মভূমির হয়ে দুটি প্রীতি ম্যাচও খেলেছেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি স্পেনের হয়ে খেলারই আগ্রহ দেখান।

সদ্য শেষ হওয়া মৌসুমে নিজের ছায়া হয়েই ছিলেন চেলসির স্ট্রাইকার তোরেস। ইংলিশ প্রিমিয়ার লিগে এ মৌসুমে চেলসির হয়ে মাত্র ১৬টি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। করেছেন মাত্র ৫টি গোল। তবু আক্রমণ ভাগে দাভিদ ভিয়া আর কস্তার সঙ্গে তার ওপরেই ভরসা রাখছেন স্পেন কোচ।

দেল বস্ক ২৩ সদস্যের চূড়ান্ত দল দেবেন ২৫ মে। দেখার বিষয় সেই দলেও তোরেস টিকে যান কিনা।

দেল বস্কের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন স্পেনের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা তিন খেলোয়াড়। গোলরক্ষক দাভিদ দে হেয়া, ডিফেন্ডার দানি কারভাহাল ও মিডফিল্ডার আন্দের ইতুরাসপে।  

বস্কের দলে সুযোগ পাননি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ইসকো আর টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড রবার্তো সলদাদো।

স্পেনের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার ৭ জন খেলোয়াড় আছেন বস্কের ৩০ সদস্যের প্রাথমিক দলে। আর রিয়াল মাদ্রিদের আছেন ৪ জন।

ব্রাজিল বিশ্বকাপের 'বি' গ্রুপে স্পেনের সঙ্গী নেদারল্যান্ডস, চিলি ও অস্ট্রেলিয়া।

স্পেনের প্রাথমিক দল:

গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ), পেপে রেইনা (নাপোলি), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)

ডিফেন্ডার: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), স্যার্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেরার্দ পিকে (বার্সেলোনা), জরদি আলবা (বার্সেলোনা), সেসার আসপিকুয়েতা (চেলিসি), হুয়ানফ্রান (আতলেতিকো মাদ্রিদ), চাভি মার্তিনেস (বায়ার্ন মিউনিখ), রাউল আলবিওল (নাপোলি), আলবের্তো মরেনো (সেভিয়া)।

মিডফিল্ডার: স্যার্হিও বুসকেতস, চাভি এরনানদেস, আন্দ্রেস ইনিয়েস্তা, সেস ফ্যাব্রেগাস (সবাই বার্সেলোনা), চাবি অলোনসো (রিয়াল মাদ্রিদ), আন্দের ইতুরাসপে (আথলেতিক বিলবাও), দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি), সান্তি কাসোরলা (আর্সেনাল), কোকে (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো আলকানতারা (বায়ার্ন মিউনিখ), হুয়ান মাতা (ম্যানচেস্টার ইউনাইটেড), হেসুস নাভাস (ম্যানচেস্টার সিটি)।

ফরোয়ার্ড: দিয়েগো কস্তা (আতলেতিকো মাদ্রিদ), দাভিদ ভিয়া (আতলেতিকো মাদ্রিদ), আলভেরো নেগ্রেদো (ম্যানচেস্টার সিটি), পেদ্রো রদ্রিগেস (বার্সেলোনা), ফের্নান্দো লরেন্তে (জুভেন্টাস), ফের্নান্দো তরেস (চেলসি)।