২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপার শিরোপা সেভিয়ার

পর্তুগালের ক্লাব বেনফিকাকে হারিয়ে তৃতীয়বারের মতো ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছে সেভিয়া। ফাইনালের নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে স্পেনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 04:21 PM

Updated : 13 Oct 2022, 12:06 PM

এর আগে ২০০৫-০৬ ও ২০০৬-০৭ মৌসুমে টানা দু'বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল সেভিয়া। তখন এর নাম ছিল উয়েফা কাপ।

বুধবার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে প্রথমার্ধের প্রায় পুরোটা সময় জুড়েই এলোমেলো ফুটবল খেলে দু'দল। অবশেষে বিরতির ঠিক আগ মুহূর্তে  দুটো সুযোগ পায় বেনফিকা। কিন্তু স্পেনের স্ট্রাইকার রদ্রিগো ও উরুগুয়ের মিডফিল্ডার ম্যাক্সি পেরেইরার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সেভিয়ার গোলরক্ষক বেতো।

প্রথমার্ধে খুব বেশি আক্রমণ দেখা না গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে লড়াইটা দারুণ জমে ওঠে। প্রথম পাঁচ মিনিটেই অনেকগুলো সুযোগ তৈরি করে দুই দল। কিন্তু গোলের দেখা পায়নি কেউই।

রদ্রিগো ও তার সতীর্থ লিমার শট বাধা পায় সেভিয়ার রক্ষণে। আর সেভিয়ার স্ট্রাইকার রেইয়েসকে বিমুখ করেন প্রতিপক্ষের গোলরক্ষক।

বাকি সময়ের পুরোটা জুড়েই আক্রমণাত্মক ফুটবল খেলেও গোল পায়নি দুই দল। অতিরিক্ত সময়ও গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের শুরুতে দুই দলই একটি করে গোল করে। আর তারপরই পরপর দুই শটে লক্ষ্যভেদে ব্যর্থ হন বেনফিকার কার্দোসো ও রদ্রিগো। ঐ সুযোগ কাজে লাগিয়ে সাফল্য ধরে রেখে ৩-১এ এগিয়ে যায় সেভিয়া। চতুর্থ শটে বেনফিকা গোল পেলেও লড়াইয়ে ফিরতে পারেনি তারা। টাইব্রেকারে টানা চতুর্থ সাফল্যে শিরোপা নিশ্চিত হয়ে যায় সেভিয়ার।

এর ফলে তৃতীয়বারের মতো ইউরোপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হলো লিসবনের ক্লাব বেনফিকাকে। এর আগে ১৯৮২-৮৩ ও গত মৌসুমে ফাইনালে উঠেছিল দলটি।