ব্রাদার্সের কষ্টের জয়
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফেনী সকার ক্লাবের বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে ব্রাদার্স ইউনিয়নের। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ২-১ গোলে জিতেছে গোপীবাগের ক্লাবটি।
ম্যাচ শুরুর অল্প সময়ের মধ্যেই অবশ্য এগিয়ে যায় ব্রাদার্স। ১৬তম মিনিটে ব্রাদার্সকে এগিয়ে দেন হাইতির ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন। পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে একাই বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন তিনি।
আর ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখন। বল পায়ে ডান প্রান্ত থেকে বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ফেনী সকার। একের পর এক আক্রমণে ব্রাদার্সের রক্ষণভাগকে নাজেহাল করে তোলে তারা।
৬১তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। ফেনীর নাইজেরীয় ফরোয়ার্ড চুকা চার্লস ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন।
কিন্তু ৮৫তম মিনিটে বড় একটা ধাক্কা খায় ফেনীর দলটি। বক্সের বাইরে এসে বল ধরার কারণে তাদের গোলরক্ষক নেহালকে লাল কার্ড দেখান রেফারি। ফলে বাকি সময়ে দশজনের দল নিয়ে আর পেরে ওঠেনি ফেনী সকার।
১৫ ম্যাচে ২৫ পয়েন্ট ব্রাদার্সের। আর ১৪ ম্যাচে ৯ পয়েন্ট পেয়েছে ফেনী সকার।
