২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় জয় পেয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৫-২ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 10:45 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

বুধবার দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম মিনিটেই মিডফিল্ডার শাহেদুল আলমের গোলে এগিয়ে যায় আবাহনী। আর ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার নাসিরুল ইসলাম নাসির। ঘানার ফরোয়ার্ড আউডু ইব্রাহিমের পাসে জোরালো শটে বল জালে জড়ান নাসির।

পরের মিনিটে আবারো সুযোগ পায় আবাহনী। কিন্তু পর্তুগিজ স্ট্রাইকার সুয়ারেস গোলরক্ষকে একা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন। তবে ২২তম মিনিটে সুয়ারেসকে আর রুখতে পারেনি বারিধারার রক্ষণভাগ। ইব্রাহিমের পাসে দারুণ শটে গোল করেন তিনি।

৫৪তম মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শটে গোল করে বড় জয় নিশ্চিত করেন ইব্রাহিম।

৪ গোলে পিছিয়ে পড়া বারিধারা ব্যবধান কমায় কেনিয়ার ফরোয়ার্ড কলিন্স তেগোর গোলে। কিন্তু ৮০তম মিনিটে আবাহনীর পক্ষে পঞ্চম গোলটি করেন ক্যামেরুনের ফরোয়ার্ড ইকেলি প্যাট্রিক।

‘ইনজুরি’ সময়ে বারিধারার পক্ষে দ্বিতীয় গোল করে হারের ব্যবধান কমান স্ট্রাইকার দুলাল হাসান।

এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে আবাহনী। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বারিধারা।