নেদারল্যান্ডস দলে স্নাইডার, ফন পার্সি
নেদারল্যান্ডসের বিশ্বকাপের প্রাথমিক দলে তেমন কোনো বিস্ময় নেই। বলার মতো বিষয় একটিই—পিএসজি ডিফেন্ডার ফন ডার ভিলের অনুপস্থিতি। তবে দলে আছেন মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার ও চোটের কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিকে ঠিকভাবে খেলতে না পারা রবিন ফন পার্সি।
মঙ্গলবার ঘোষণা করা ৩০ সদস্যের প্রাথমিক দলে লুইস ফন গাল গত বিশ্বকাপে খেলা ৮ জন খেলোয়াড়কে রেখেছেন।
গত মার্চে চোটে পড়েন পার্সি। চোট থেকে ফিরে এসে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কেবল একটি ম্যাচেই শুরুর একাদশে খেলেছেন তিনি।
আর তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এ মৌসুমে নিজের ছায়া হয়েই ছিলেন স্নাইডার। ফন গাল একবার হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, বিশ্বকাপ দলে স্নাইডার নাও থাকতে পারেন।
গত বিশ্বকাপের রানার্সআপদের দলে আছেন আরিয়েন রবেন আর রাফায়েল ফন ডার ভার্ট, ক্লাস ইয়ান-হান্টেলাররা।
তবে গত বিশ্বকাপে খেলা গোলরক্ষক মার্টেন স্টেকেলেনবার্গ দলে জায়গা পাননি। দলে নেই জন হাইটিঙ্গা ও ইয়োরিস মাথেইসেন।
