২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির বিশ্বকাপ দলে রস্সি, বালোতেল্লি

২০১৪ বিশ্বকাপে ইতালির প্রাথমিক দলে আছেন দুই স্ট্রাইকার জুজেপ্পে রস্সি আর মারিও বালোতেল্লি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 01:34 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

সদ্যই চোট থেকে সেরে উঠেছেন ফিওরেন্তিনা স্ট্রাইকার রস্সি। আর এসি মিলান স্ট্রাইকার বালোতেল্লি এ মৌসুমে ছিলেন নিজের ছায়া হয়ে।

মঙ্গলবার রাতে ইতালি কোচ চেজারে প্রানদেল্লি ব্রাজিল বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন।

জানুয়ারি মাসে ডান হাঁটুর লিগামেন্টের চোটে পড়েন রস্সি। ৪ মাস মাঠের বাইরে কাটানোর পর আবার সম্প্রতি খেলতে শুরু করেছেন তিনি। অনেকেই তার বিশ্বকাপ দলে থাকা নিয়ে সংশয়ে ছিলেন।

বাছাই পর্বে ৫ গোল করে ইতালির সর্বোচ্চ গোলদাতা বালোতেল্লি সেরি আতে ২৯ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন। এই স্ট্রাইকারের দলে জায়গা পাওয়া নিয়ে তাই শঙ্কাই ছিল।

রস্সি-বালোতেল্লি জুটির সঙ্গে অনুমেয় ভাবেই ইতালির বিশ্বকাপ দলের আক্রমণভাগে সুযোগ পেয়েছেন তোরিনোর ফরোয়ার্ড চিরো ইম্মোবিলে। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ২২ গোল করে ইতালির সেরি আর সর্বোচ্চ গোলদাতা।

ইতালির হয়ে ইম্মোবিলের অভিষেক হয় মার্চ মাসে স্পেনের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে।

ব্রাজিল বিশ্বকাপে ইতালির আক্রমণভাগ এবার দারুণ সমৃদ্ধ। রোমার তরুণ ফরোয়ার্ড মাত্তিয়া দেস্ত্রো আর পার্মার অভিজ্ঞ স্ট্রাইকার অন্তোনিও কাস্সানোও আছেন ইতালির আক্রমণভাগে।

৩১ বছর বয়সী কাস্সানোর এখনো বিশ্বকাপে খেলা হয়নি। পার্মার হয়ে সেরি আতে এ মৌসুমে ১২ গোল করেছেন তিনি। ৫টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে।

ইতালির আক্রমণভাগের বিশাল বহরে জায়গা হয়নি ২০০৬ বিশ্বকাপজয়ী দলের স্ট্রাইকার আলবের্তো জিলার্দিনোর।

প্রানদেল্লির দলে সেরি আর বাইরের লিগের শুধু দুজন খেলোয়াড়ই আছেন। দুজনই ফ্রান্সের লিগ ওয়ান জেতা পিএসজির।

বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে ইতালি মুখোমুখি হবে ইংল্যান্ড, কোস্টারিকা ও উরুগুয়ের।

ইতালি দল:

গোলরক্ষক: জানলুইজি বুফ্ফন (জুভেন্টাস), মাত্তিয়া পেরিন (জেনোয়া), সালভাতোরে সিরিগু (পিএসজি)

ডিফেন্ডার: ইনিয়াৎসিও আবাতে (এসি মিলান), আন্দ্রেয়া বারজাইলি (জুভেন্টাস), লিওনার্দো বনুচ্চি (জুভেন্টাস), জর্জো কিয়েল্লিনি (জুভেন্টাস), মাত্তেও দারমিয়ান (তোরিনো), মাত্তিয়া দে শিলিও (এসি মিলান), ক্রিস্তিয়ান মাজ্জো (নাপোলি), গ্যাব্রিয়েল পালেত্তা (পারমা), মানুয়েল পাসকুয়াল (ফিওরেন্তিনা), আন্দ্রেয়া রানোক্কিয়া (ইন্টার মিলান)।

মিডফিল্ডার: আলবের্তো আকুইলানি (ফিররেন্তিনা), আন্তোনিও কানদ্রেভা (লাৎসিও), দানিয়েলে দে রস্সি (রোমা), ক্লাওদিও মার্কিসিও (জুভেন্টাস), রিক্কার্দো মন্তোলিভো (এসি মিলান), চিয়াগো মত্তা (পিএসজি), মার্কো পারোলো (পার্মা), আন্দ্রেয়া পিরলো (জুভেন্টাস), রমুলো (হেল্লাস ভেরোনা), মার্কো ভের্রাত্তি (পিএসজি)।

ফরোয়ার্ড: মারিও বালোতেল্লি (এসি মিলান), আন্তোনিও কাস্সানো (পার্মা), আলেস্সিও চেরচি (তোরিনো), মাত্তিয়া দেস্ত্রো (রোমা), চিরো ইম্মোবিলে (তোরিনো), লরেঞ্জো ইনসিনিয়ে (নাপোলি), জুজেপ্পে রস্সি (ফিওরেন্তিনা)।