২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের বিশ্বকাপ দলে নেই নাসরি, আবিদাল

ব্রাজিল বিশ্বকাপে ফ্রান্সের প্রাথমিক দলে তারুণ্যের জয়গান। তবে এদের মধ্যে নেই সামির নাসরি। বাদ পড়েছেন অভিজ্ঞ এরিক আবিদালও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 12:59 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

মঙ্গলবার রাতে সাত জনকে 'স্ট্যান্ডবাই' রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

সদ্য শেষ হওয়া মৌসুমটা ভালোই কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার নাসরি। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ৪৬টি ম্যাচ খেলেছেন তিনি। সতীর্থদের দিয়ে গোল করানোর পাশাপাশি নিজেও করেছেন ১১টি গোল।

দলকে শিরোপা জেতাতে না পারলেও পুরো মৌসুম জুড়েই ভালো খেলেছেন এএস মোনাকোর অধিনায়ক আবিদাল। ২০০৪ সালে ফ্রান্সের জার্সি গায়ে তোলা আবিদাল জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৬৭টি ম্যাচ খেলেছেন।     

১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশমের ২৩ সদস্যের দলের ৮ জনেরই বয়স ২৫ বছরের নিচে।

তবে দলে আছেন ফ্রাঙ্ক রিবেরি আর বাকারি সানিয়ার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।

বিশ্বকাপে 'ই' গ্রুপে ফ্রান্সের তিন প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ইকুয়েডর ও হন্ডুরাস।