২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেই ফুলেল সংবর্ধনা পেল শেখ রাসেল

এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে দেশে ফিরে বিমানবন্দরেই সংবর্ধনা পেল শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 09:50 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

মঙ্গলবার রাসেলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদীসহ অন্যান্য কর্মকর্তারা।

শ্রীলঙ্কার কলম্বোয় এএফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয় শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে এই টুর্নামেন্টের মূল পর্বে ওঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

দলটির মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচ খুবই খুশি, “শ্রীলঙ্কা যাওয়ার আগে সবার মধ্যে একটা শঙ্কা ছিল আমরা কেমন করব। আমি বরাবরই আশাবাদী ছিলাম। আমি জানতাম, এই দলের সামর্থ্য কেমন। সে পরিকল্পনা অনুয়ায়ী খেলতে পেরেছি বলেই সফলতা পেয়েছি।”

অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য্য মনে করেন, দেশের ফুটবল এগিয়েছে বলেই এই সফলতা পেয়েছে তারা।

শেখ রাসেলের এই সফলতায় চার গোল করে অন্যতম অবদান রাখা মিঠুন চৌধুরী বলেন, “এই ফল শুধু শেখ রাসেলের নয়, পুরো জাতির জন্যই গর্বের। কিছুটা অবদান রাখতে পেরেছি বলে নিজেকে গর্বিত মনে করছি।”

এই অর্জনে কম অবদান রাখেননি দলটির হাইতির ফরোয়ার্ড প্যাসকেল মিলিয়েন। তিনি বলেন, “আসরের মূল পর্বে ওঠা আমাদের জন্য অনেক আনন্দের। সবচেয়ে বড় কথা, আমরা সেখানে ৯ গোল করেছি কিন্তু একটিও খাইনি। আশা করছি, লিগেও ভালো অবস্থানে উঠতে পারবো।”

শ্রীলঙ্কার সফলতায় খুশি হলেও ঘরোয়া লিগে দলের পারফরম্যান্সে হতাশ শেখ রাসেল কোচ।

“প্রিমিয়ার লিগে আমরা যে অবস্থায় আছি, সেখান থেকে ভালো অবস্থায় ফেরা একটু কঠিন। শেখ জামাল লিগে আমাদের চেয়ে অনেক এগিয়ে।”

গতবারের ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। ১৫ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব আছে শীর্ষে।