শিরোপার লড়াইয়ে মাঠে থাকার আশা নেইমারের
পায়ের চোট থেকে প্রায় সেরে উঠেছেন বার্সেলোনার তারকা নেইমার। শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মৌসুমে লিগে নিজেদের শেষ ও শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার আশা করছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
সোমবার ইন্টারনেটে ভক্তদের সঙ্গে কথপোকথনে নিজের সর্বশেষ অবস্থা আর আশার কথা জানান নেইমার।
“সেরে উঠতে আমি এখন বাড়িতেই আছি এবং দেখছি খেলতে পারি কিনা। অনুশীলনে ফিরেছি আমি।”
স্পেনের লা লিগায় মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষা দিতে হবে তাকে। সবকিছু ঠিক থাকলেই তবে ওই ম্যাচের জন্য তাকে মাঠে নামাবে বার্সেলোনা।
দেশের মাটিতে আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে ওঠার আত্মবিশ্বাসের কথাও জানালেন নেইমার।
চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকোর কাছে হেরে বিদায় আর ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে কোপা দেল রের শিরোপা জয়ের আশা শেষ হয়েছে বার্সেলোনার। তাই লা লিগা শিরোপা জিততে নিজেদের সর্বস্ব উজাড় করে দেয়ার কথা বললেন নেইমার।
১৯৫১ সালের পর এই প্রথম শিরোপার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে শেষ ম্যাচে চ্যাম্পিয়ন দল নির্ধারণ হচ্ছে। সেবার সেভিয়ার সঙ্গে লড়াইয়ে শিরোপা জিতেছিল আতলেতিকোই। লা লিগার ইতিহাসে এমনটি হয়েছে আর একবার।
জিতলে তো বটেই, ড্র করলেও ১৯৯৬ সালের পর আবার লা লিগার শিরোপা জিতবে আতলেতিকো। বার্সেলোনা এই ম্যাচ জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় তখন চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা।
নেইমার শিরোপা জিততে নিজেদের প্রস্তুত বলেই মনে করেন।
“সত্যিকার অর্থেই আমরা প্রস্তুত। আতলেতিকো ভালো দল। ভালো খেলোয়াড় আছে তাদের। তাদের হারানোটা কঠিন হবে। কিন্তু এ ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই।”
এ বছরে চোট নেইমারকে ভালোই ভুগিয়েছে। পেশির চোট তাকে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে রাখে। আর সর্বশেষ রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে পাওয়া বাঁ পায়ের চোটে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
