২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালের বড় জয়

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বড় জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপা-প্রত্যাশী দলটি ৬-২ গোলে হারিয়েছে টিম বিজেএমসিকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 10:38 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

শেখ জামালের এই বড় জয়ে জোড়া গোল করেন নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন। অন্য চারটি গোল করেন হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমে, সনি নর্দে, নাইজেরীয় ডিফেন্ডার আলী আব্দুল্লাহি ও মিডফিল্ডার সোহেল রানা।

ম্যাচের মাত্র ৯ মিনিটেই শেখ জামাল এগিয়ে যায় ওয়েডসনের গোলে। মিডফিল্ডার মামুনুল ইসলামের লম্বা পাসে ওয়েডসন বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন।

৫ মিনিট পর এমেকা ব্যবধান দ্বিগুন করেন ওয়েডসনের পাস থেকে।

২৮ মিনিটে শেখ জামালের পক্ষে তৃতীয় গোলটি করেন সনি নর্দে। ওয়েডসন মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে ক্রস করেন। চলন্ত বলে আলতো টোকায় জালে জড়ান সনি।

প্রথমার্ধে আরও দুটি গোল পায় শেখ জামাল। ৪০ মিনিটে বিজেএমসি ডিফেন্ডার রাকিন আহমেদ বল নিজের নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে সুযোগে শেখ জামাল স্ট্রাইকার এমেকা বল ধরে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জালে জড়ান। এই নাইজেরীয় স্ট্রাইকার মোট ১৬ গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন।

প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে শেখ জামালের পক্ষে পঞ্চম গোল করেন আলী আব্দুল্লাহি। বিজেএমসি ডিফেন্ডার সাইফুল ইসলাম শেখ জামালের সনিকে ফেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বিজেএমসি একটি গোল করে ব্যবধান কমান।

৮৮ মিনিটে সনির বাড়ানো বলে মিডফিল্ডার সোহেল রানা শেখ জামালের পক্ষে ষষ্ঠ গোল করেন।

ইনজুরি সমেয় বিজেএমসি নাইজেরীয় মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার শটে দলের পক্ষে দ্বিতীয় গোল করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান।

এই জয়ের সুবাদে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শেখ জামাল পয়েন্ট তালিকায় শীর্ষে আছে। লিগে তাদের এটি ১১তম জয়। অন্য চারটি ম্যাচে তারা ড্র করেছে। বিজেএমসি সমান ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।