শেষ ম্যাচকে ‘ফাইনাল’ বলছেন সিমেওনে
৬০ বছরের মধ্যে স্পেনের লা লিগায় সবচেয়ে রোমাঞ্চকর শিরোপা লড়াই হচ্ছে এবার। আগামী রোববার লিগের শেষ দিনেই হবে শিরোপা নির্ধারণ। নউ ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে শিরোপা নির্ধারণী সেই ম্যাচকে ‘ফাইনাল’ বলে অ্যাখ্যা দিয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।
রোববার লা লিগায় স্নায়ুক্ষয়ী রাতে শিরোপা লড়াইয়ের দুই প্রতিদ্বন্দ্বী আতলেতিকো আর বার্সেলোনা দুই দলই ড্র নিয়ে মাঠ ছাড়ায় শেষ দিনে গড়ালো শিরোপা লড়াই।
মালগার সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচের পর আতলেতিকো কোচ সিমেওনে বলেন, “এখন দুই দলের অর্ধেক-অর্ধেক সুযোগ। অন্য যেকোনো ফাইনালের মতো।”
মালাগার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ড্র পাওয়ায় ৩৭ ম্যাচে ৮৯ পয়েন্ট শীর্ষে থাকা আতলেতিকোর। আর এলচের সঙ্গে গোলশূন্য ড্র করে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।
লিগের শেষ দিনে বার্সেলোনা আতলেতিকোকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। কারণ তখন দুই দলের পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকবে বার্সেলোনা। লা লিগায় দুই দলের পয়েন্ট সমান হলে শিরোপা নির্ধারণ করা হয় মুখোমুখি লড়াই দিয়ে। দুই দলের প্রথম ম্যাচটি ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছিল।
তবে নউ ক্যাম্পে ড্র করতে পারলেই ১৯৯৬ সালের পর আবার লিগ শিরোপা জিতবে আতলেতিকো। দলটির এখনকার কোচ সে বছর ছিলেন আতলেতিকোর মাঝমাঠের কারিগর। আতলেতিকো শিরোপা জিতলে ২০০৪ সালে ভালেন্সিয়ার পর আবার রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার বাইরে কোনো দল চ্যাম্পিয়ন হবে।
১৯৫১ সালের পর এই প্রথম শিরোপার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে শেষ ম্যাচে এসে চ্যাম্পিয়ন দল নির্ধারণ হচ্ছে। সেবার সেভিয়ার সঙ্গে লড়াইয়ে শিরোপা জিতেছিল আতলেতিকোই। লা লিগার ইতিহাসে এমনটি হয়েছে আর একবার।
আতলেতিকোর ড্র করলেই চলবে বলেই হয়ত তাদের পক্ষে এবারও অনেকেই বাজি ধরছেন। তবে আতলেতিকো কোচ জানেন কাজটা এত সহজ নয়।
“মৌসুমের শুরুতে তারা যদি আমাদের বলত যে, ৩ পয়েন্ট এগিয়ে থেকে আমরা মৌসুমের শেষ ম্যাচ খেলতে নউ ক্যাম্প যাব, কেউ এটা বিশ্বাই করত না। আমাদের প্রতিপক্ষ এমন পরিস্থিতিতে অভ্যস্ত।”
প্রতিপক্ষকে এগিয়ে রাখলেও শেষ ম্যাচে আতলেতিকো তাদের সর্বস্ব দিয়ে খেলবে বলেই প্রতিশ্রুতি দিয়েছেন সিমেওনে।
এলচের সঙ্গে ড্র করার হতাশা ফুটে উঠেছে কোচ জেরার্দো মার্তিনোর কন্ঠে।
“এটা সেই সব ম্যাচগুলোর একটি, যেটি আপনার অদ্ভুত এক অনুভূতি হবে।”
