২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ দিনেও ভবিষ্যত সাফল্যের সংকল্প সিটির

ইতিহাদ স্টেডিয়াম জুড়ে শুধুই আনন্দ। তিন মৌসুমের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় শিরোপা জয়ের উৎসবে ভাসছে ম্যানচেস্টার সিটি। এই আনন্দের মধ্যেই ভবিষ্যতে আরো সাফল্যের সংকল্পের কথা শুনিয়েছেন ক্লাবটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি আর অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 06:48 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয় করার পর মাঠেই শুরু হয়ে যায় উদযাপন। উচ্ছ্বাসের ফাঁকেই স্কাই স্পোর্টসকে ভবিষ্যতের সংকল্পের কথা জানান অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।

“শুধু একটা দল নয়, আমরা একটি ক্লাব গড়ে তুলছি। আমরা নিজেদের ভবিষ্যতের জায়গা গড়ছি। এ কারণেই আমি আরো ভালো করার প্রয়োজনীয়তা অনুভব করি। পরের বছর আমাদের আরো ভালো করতে হবে।”

সিটির ইতিহাদ স্টেডিয়ামে উৎসব আসলে শুরু হয়েছিল ম্যাচের ৩৯ মিনিটেই, সামির নাসরির গোলের পর। গ্যালারি জুড়ে তখন সিটি সমর্থকরা গাইতে থাকে তাদের দলীয় সঙ্গীত ‘ব্লু মুন’।

৪৯ মিনিটে কোম্পানির গোলের পর গানটা হঠাৎই পাল্টে যায়। লিভারপুলের ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গানের কলি পাল্টে ব্যঙ্গ করে তারা গাইতে থাকে ‘ইউ উইল নেভার উইন দ্য লিগ’।

ম্যান সিটি প্রয়োজনীয় পয়েন্ট পেয়ে যাওয়ায় অ্যানফিল্ডে নিজেদের মাঠে নিউক্যাসলকে ২-১ গোলে হারালেও শিরোপা জিততে পারেনি লিভারপুল।

ইতিহাদে রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠে ঢুকে পড়ে হাজার হাজার সমর্থক। খেলোয়াড়দের তারা ভালোবাসার আলিঙ্গনে জড়ায়। কেউ স্লোগান দেয়, কেউ আবার ব্যানার-ফেস্টুন উচিয়ে নেচে-গেয়ে শিরোপা উদযাপন করতে থাকে।

সিটির ফরোয়ার্ড নাসরি তখন অতি আনন্দে অনুভূতি প্রকাশের ভাষাটাই হারিয়ে ফেলেন।

“এই মুহূর্তে অনুভূতি প্রকাশের জন্য কোনো শব্দই খুঁজে পাচ্ছি না আমি। সম্ভবত এক বা দুই ঘণ্টা পর এটা আমরা বুঝতে পারব। দারুণ এক অনুভূতি এটা। আর কোচের জন্য আমি খুবই খুশি, কারণ এটা ইংল্যান্ডে তার প্রথম শিরোপা।”

কোম্পানি অভিভূত সিটিতে সবার একাত্মতায়, “বাস্তবিক অর্থেই এই ক্লাবটির আত্মা আছে, হৃদয় আছে। এই মৌসুমটা যেভাবে শেষ করেছি তাতে আমি দারুণ খুশি।”

খেলোয়াড়দের হাতে শূন্যে ভাসতে গিয়ে স্কাই স্পোর্টসের সঙ্গে তখনই আর কথা বলতে পারেননি কোচ পেল্লেগ্রিনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানান চিলির এই কোচ।

“বিশেষ এক মুহূর্ত এটা। প্রথম বছরেই ইংল্যান্ডের সঙ্গে মানিয়ে নেয়া অত সহজ ছিল না। কিন্তু আমার মনে হয়, দারুণ কিছু খেলোয়াড়কে পরিচালনা করেছি আমি।”

এরপরই ভবিষ্যত ভাবনার কথা বলেন পেল্লেগ্রিনি, “বড় দল একটি শিরোপা জিতেই সন্তুষ্ট হতে পারে না। এটা গুরুত্বপূর্ণ এক বিষয়। আজ ও আগামীকাল আমরা উদযাপন করতে পারি। মঙ্গলবার আমরা পরবর্তী মৌসুমের জন্য কাজ শুরু করে দেব। কারণ এই ক্লাব আর খেলোয়াড়রা আরো শিরোপা জয়ের দাবি রাখে।”