২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোতে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১৫

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর একটি ফুটবল স্টেডিয়ামে পুলিশের কাঁদানে গ্যাস থেকে বাঁচতে হুড়োহুড়ি করার সময় কমপক্ষে ১৫ জন সমর্থকের মৃত্যু হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

স্থানীয় কর্মকর্তা ও পুলিশ জানায়, রোববার কিনশাসায় স্থানীয় দলের সমর্থকরা উত্তরাঞ্চল থেকে আসা লুবুমবাশির কাছে ১-০ গোলে হেরে যাওয়াটা মানতে পারেনি। ঝামেলা শুরু করে তারা। চারজন পুলিশ সদস্যকেও নাজেহাল করে সমর্থকরা।

ঝামেলা বন্ধ করতে স্টেডিয়ামে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। স্থানীয় টিভি চ্যানেলগুলোতে দেখা যায়, স্টেডিয়ামে ধোয়ায় চোখই খুলতে পারছিল না সমর্থকরা। এদিক-সেদিক দৌড়াতে গিয়ে কেউ কেউ পড়েও যাচ্ছিল।

স্থানীয় এক মন্ত্রী জানান, ১৫ জন মারা গেছে এবং ২৪ জন আহত হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানিয়েছে, মৃতের সংখ্যা আঠারোরও বেশি হবে।