২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে গড়ালো আতলেতিকো-বার্সা লড়াই

শিরোপা নিশ্চিত করে ফেলার সুযোগ ছিল আতলেতিকো মাদ্রিদের। মৌসুমের চমক জাগানো দলটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল শিরোপাধারী বার্সেলোনোর। দুটি ম্যাচই ড্র হওয়ায় এখন এই দুই দলের মধ্যে শেষ ম্যাচেই নিষ্পত্তি হবে লা লিগার শিরোপার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 01:30 AM

Updated : 13 Oct 2022, 12:05 PM

রোববার নিজেদের মাঠে মালাগার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো। আর এলচের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা।

রাতের অন্য ম্যাচে সেলতা ভিগোর কাছে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় শিরোপা লড়াইটা এখন আতলেতিকো মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে সীমাবদ্ধ থাকলো। এক ম্যাচ বাকি থাকতে আতলেতিকোর পয়েন্ট ৮৯ আর বার্সেলোনার পয়েন্ট ৮৬।

ক্যাম্প নউতে শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দু্ই দল। ড্র করলেই চ্যাম্পিয়ন হবে আতলেতিকো। আতলেতিকোকে হারাতে পারলে বার্সেলোনার পয়েন্ট হবে সমান ৮৯। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় তখন চ্যাম্পিয়ন হবে জেরার্দো মার্তিনোর দলই।

এলচের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু দুরূহ কোণ থেকে রক্ষণপ্রাচীর ভাঙতে পারেননি তিনি।

দ্বাদশ মিনিটে সুযোগ এসেছিল এলচের সামনে। হাভিয়ার মার্কেসের ক্রস থেকে ডোমিঙ্গো সিসমার শট ঠেকিয়ে দেন বার্সার ডিফেন্ডাররা। পরের মিনিটে দলকে এগিয়ে নেয়ার দারুণ সুযোগ এসেছিল আন্দ্রেস ইনিয়েস্তার সামনে। সেস ফাব্রেগাসের কাছ থেকে বল পেয়ে ডিফেন্ডারকে ফাঁকি দিতে পারেননি তিনি।

ষোড়শ মিনিটে কার্লেস গিলের ক্রস থেকে রবেন পেরেজের শট অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হলে বেঁচে যায় বার্সেলোনা।

২৫তম মিনিটে সার্হিও বাসকুয়েটসের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেয়ার চমৎকার একটি সুযোগ এসেছিল মেসির সামনে। কিন্তু তার প্রচেষ্টাটি ব্যর্থ করে দেয় স্বাগতিকরা। ৩১তম মিনিটে ব্যর্থ হয়ে যায় মেসির আরেকটি প্রচেষ্টা।

৩৪তম মিনিটে আলেক্সিস সানচেসের ক্রস থেকে পেদ্রোর হেড লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় এলচে। ৪১তম মিনিটে ইনিয়েস্তার কাছ থেকে সুবিধাজনক জায়গায় বল পেয়েও সাফল্য পাননি সানচেস।

বিরতির পর ৪৭তম মিনিটেই মেসিকে হতাশ করেন এলচের গোলরক্ষক। ৫৭তম মিনিটে ব্যর্থ হয়ে যায় গিলের আরেকটি প্রচেষ্টা।
মেসির আরো দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া এলচে ৭৯তম মিনিটে খেলার সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করে। গ্যারি মেনদেজ সুবিধাজনক জায়গায় থেকেও দলকে এগিয়ে নিতে পারেনি।

চার মিনিট পর আদ্রিয়ানোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশা নিয়েই ফিরতে হয় বার্সেলোনাকে। যোগ করা সময়ে মেসির ফ্রি-কিক ঠেকিয়ে দেন এলচের গোলরক্ষক।

ভিনসেন্ত কালদেরনে অন্য ম্যাচে ১২তম মিনিটেই এগিয়ে যেতে পারতো আতলেতিকো। কিন্তু গার্সিয়ার ক্রস থেকে দাভিদ ভিয়ার শট ক্রসবারে লাগে।
এরপর অতিথিদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করলেও প্রথমার্ধে কোনো গোল পায়নি দিয়েগো সিমেওনের শিষ্যরা।

৬৬তম মিনিটে অল্ডারওয়ের্লেডের ভুলে বল পেয়ে যান মালাগার স্যামুয়েলস। তার নিখুঁত লক্ষ্য ভেদে এগিয়ে যায় অতিথিরা।

ভুল শোধরাতে বেশিক্ষণ সময় নেননি অল্ডারওয়ের্লেড। তার হেড থেকে খেলায় সমতা ফেরায় আতলেতিকো। অতিথিদের ওপর এরপরও চাপ অব্যাহত ছিল আতলেতিকোর। কিন্তু স্বাগতিকদের কোনো প্রচেষ্টাই আর সফল হয়নি।