২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের সব আশা শেষ

হেরেই লা লিগার শিরোপা লড়াই থেকে একেবারে ছিটকে পড়লো রিয়াল মাদ্রিদ। সেল্তা ভিগোর কাছে ২-০ গোলে হেরে গেছে তারা। গত দুই ম্যাচে ড্র করেছিল স্পেনের সফলতম দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 01:15 AM

Updated : 13 Oct 2022, 12:05 PM

এমনিতেও রিয়ালের শিরোপা পুনরুদ্ধারের আশা খুব একটা ছিল না। যা একটু ছিল তাও আবার অন্যদের উপর নির্ভর করে। তবে সেক্ষেত্রে নিজেদের অবশ্যই জিততে হতো রিয়ালের।

দিনের অন্য দুই গুরুত্বপূর্ণ ম্যাচে মালাগার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো আর এলচের মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা।

ফলে শিরোপা লড়াইটা এখন আতলেতিকো মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে সীমাবদ্ধ। এক ম্যাচ বাকি থাকতে আতলেতিকোর পয়েন্ট ৮৯ আর বার্সার পয়েন্ট ৮৬। শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দু্ই দল। ড্র করলেই চ্যাম্পিয়ন হবে আতলেতিকো তবে আতলেতিকোকে হারাতে পারলে দু'দলেরই পয়েন্ট হবে সমান ৮৯। কিন্তু মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে বার্সা।

তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮৪।

রোববার দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া সেল্তা ভিগোর মাঠে বেশ ধুঁকতে দেখা গেছে রিয়ালের আক্রমণভাগকে। ম্যাচের শুরু থেকে এলোমেলো ফুটবল খেলা দলটি প্রথম সুযোগ পেয়েছিল ম্যাচের ৩৫ মিনিটে। কিন্তু মিডফিল্ডার ইসকোর শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। চার মিনিট আরেকটি সুযোগ পায় রিয়াল কিন্তু ব্যর্থ হন স্ট্রাইকার মোরাতা।

এর চার মিনিট বাদেই রিয়ালের জালে প্রথম গোলটি করেন ব্রাজিলের স্ট্রাইকার চার্লস। দুর্দান্ত এক কোনাকুনি শটে গোলটি করেন তিনি।
আর ৬৩ মিনিটে রিয়ালের সব আশা করে দিয়ে চার্লস দ্বিতীয় গোলটি করেন।

শেষদিকে আক্রমণ বাড়ালেও গোলের পাইনি রিয়াল মাদ্রিদ।