শূন্য হাতে ফিরল শুধু ইউনাইটেড
লিভারপুলকে হতাশ করে ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম। শেষ ম্যাচে সাউদহ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে বড় দলগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডকেই কেবল একেবারেই শূন্য হাতে ফিরতে হয়েছে।
তবে শেষ দিনে জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি ও আর্সেনাল। কার্ডিফ সিটির মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে চেলসি। আর আর্সেনাল নরিচকে তাদের মাঠে হারিয়ে এসেছে ২-০ গোলে।
রোববার প্রতিপক্ষের মাঠে ল্যাম্বার্টের গোলে ২৮ মিনিটেই পিছিয়ে পড়ে গত মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৪ মিনিটে মাতার গোলে ম্যাচে ফিরলেও জয় পাওয়া হয়নি তাদের।
৩৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে লিগ শেষ করেছে 'রেড ডেভিলস' নামে পরিচিত দলটি।
টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে। জিতলেও তাই ইউরোপা লিগে খেলার সুযোগ হতো না ইউনাইটেডের।
বেলামির গোলে নিজেদের মাঠে এগিয়ে যায় কার্ডিফ। তবে ৩ মিনিটের মধ্যে শুরলে ও তোরেসের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
শুরলে চেলসির সমতাসূচক গোলটি করেন ৭২ মিনিটে। তোরেস ৭৫ মিনিটে করেন জয়সূচক গোল।
নরিচের মাঠে আর্সেনাল দুটি গোলই পায় দ্বিতীয়ার্ধে। প্রথম গোলটি রামজি করেন ৫৩ মিনিটে। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেনকিনসন।
আর্সেনালের কাছে হেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়েছে নরিচ সিটির।
৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে চেলসি। ৭৯ পয়েন্ট পাওয়া আর্সেনালের অবস্থান চতুর্থ।
এই দুটি দলই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে নিতে পেরেছে।
পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা এভারটন ও টটেনহ্যাম খেলবে ইউরোপা লিগে।
