কেস্টারের হ্যাটট্রিকে ব্রাদার্সের বড় জয়
নাইজেরীয় স্ট্রাইকার কেস্টার আখনের হ্যাটট্রিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তর বারিধারা ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫-১ গোলের এই জয়ে প্রথম পর্বে ৩-২ ব্যবধানে হারের প্রতিশোধও নেয়া হয়েছে ব্রাদার্সের।
গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাদার্সকে। ম্যাচের ৫ মিনিটে মিডফিল্ডার ফয়সাল মাহমুদের কর্নার থেকে আড়াআড়ি শটে কেস্টার এগিয়ে দেন দলকে।
২৭তম মিনিটে কেস্টারের গোলেই ব্যবধান দ্বিগুণ করে ব্রাদার্স।
২ মিনিট পর সুজন বিশ্বাসের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বারিধারা। তবে ৪০ মিনিটে ব্যবধান ৩-১ করেন হাইতির ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন।
৫ মিনিট পর দারুণ এক প্রতি আক্রমণ থেকে বারিধারার দুই ডিফেন্ডারদের কাটিয়ে গোল করে ওয়ালসন স্কোরলাইন করেন ৪-১।
৫১ মিনিটে ফয়সাল মাহমুদের কর্নারে কেস্টার চমৎকার হেডে গোল করে হ্যাটট্রিক পূর্ন করেন।
লিগে এটি পঞ্চম হ্যাটট্রিক। এর আগে শেখ জামালের নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন দুটি হ্যাটট্রিক করেন। শেখ রাসেলের মিঠুন চৌধুরী ও শেখ জামালের হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমে একটি করে হ্যাটট্রিক করেন।
এই জয়ের পর ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাদার্স। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট বারিধারার।
