জুনিয়র অ্যাথলেটিক্সে বিকেএসপির শ্রেষ্ঠত্ব
জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ১৬টি সোনা, ৯টি রুপা ও ২টি ব্রোঞ্জ পদক জিতে প্রতিযোগিতায় সেরা হয়েছে তারা।
৫টি সোনা, ৬টি রুপা ও ৪টি ব্রোঞ্জ পেয়ে খুলনা জেলা দ্বিতীয় এবং ২টি সোনা, ৩টি রুপা ও ৭টি ব্রোঞ্জ পদক পেয়ে নোয়াখালী জেলা তৃতীয় হয়েছে।
আসরের সেরা অ্যাথলেট হয়েছেন বিকেএসপির তামান্না আক্তার ও দিশা সুলতানা। দুজনেই তিনটি করে সোনা জিতেছেন।
শনিবার কিশোরীদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেও মুখ ভার তামান্নার। এই বিভাগে প্রতিযোগী ছিল যে মাত্র ৩ জন! তিনি বলেন, “সোনা জিতলে কার না ভালো লাগে। ১০০ মিটার বিভাগে হলে তো কথাই নেই। কিন্তু মাত্র ৩ জন প্রতিদ্বন্দ্বী থাকায় আমি সেরাটা দিতে পারিনি।”
তবে কিশোরদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে নাটোরের আব্দুল্লাহ হাসান খুবই খুশি। তিনি বলেন, “নিজের এক জোড়া ‘বুট’ নেই, অন্যের (বন্ধুর) ‘বুট’ নিয়ে এসেছি। মাত্র ৩ দিনের প্রস্তুতিতে এই সাফল্য ভবিষ্যতে আরো ভালো করার প্রেরণা যোগাবে।”
এবারের প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত দল তৃতীয় স্থানে থাকা নোয়াখালী জেলা। নাজমুন্নাহার বিউটি ও সুমিতা রানীদের কোচ রফিকুল্লাহ হায়দার মিলনের হাত ধরেই তাদের এই সাফল্য।
কোচ রফিকুল্লাহ বলেন, “একসময় নোয়াখালী থেকে বিশাল বহর নিয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম আমরা। চাকরির সুযোগ কমে যাওয়ায় অ্যাথলেটিক্সে আসার আগ্রহ নেই ছেলেদের। তবে আমার বিশ্বাস, এবারের সাফল্য খেলোয়াড়দের অ্যাথলেটিক্সে আসতে অনুপ্রাণিত করবে।”
