২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করলেই মূল পর্বে শেখ রাসেল

এএফসি প্রেসিডেন্টস কাপ ফুটবল টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভুটানের ইয়ুগেন অ্যাকাডেমির বিপক্ষে খেলবে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

তবে হারলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় মূল পর্বে খেলার সম্ভাবনা আছে শেখ রাসেলের।

রোববার কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় লড়াইয়ে নামবে তারা।

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিমানবাহিনীর বিপক্ষে ৫-০ গোলে জেতা শেখ রাসেল এই ম্যাচ ড্র করলেই মূল পর্বে উঠে যাবে। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা জয়ের ব্যপারে আশাবাদী।

প্রতিপক্ষ দুর্বল হলেও রাসেলের মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচ এই ম্যাচকে আগের ম্যাচ গুলোর মতোই সমান গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, “টুর্নামেন্ট থেকে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়া দল আমাদের প্রতিপক্ষ হলেও আগের দুই ম্যাচের মতোই সমান গুরুত্ব দিয়েই মাঠে নামবো আমরা। তাই প্রতিপক্ষকে খাটো করে দেখার কোন অবকাশ নেই। তবে আমি আশাবাদী এই ম্যাচে আমরাই জিতবো।”

শেষ ম্যাচ জিতে মূল পর্বে খেলার ব্যপারে আশাবাদী অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য্যও।

“প্রতিপক্ষ কারা তাই নিয়ে আমরা মোটেও ভাবছিনা। আমাদের ভাবনা জুড়ে আছে শুধুই জয়। তাই এই ম্যাচ জিতেই মূল পর্বে খেলতে চাই। আমি আশাবাদী আমরা সফল হবো।”

শ্রীলঙ্কা থেকে শেখ রাসেলের দলীয় সুত্রে জানা গেছে, স্বাগতিক বিমানবাহিনীকে বড় ব্যবধানে হারিয়ে খেলোয়াড়রা বেশ উজ্জ্বীবিত। তাই শনিবার খেলোয়াড়দের অনুশীলন না করিয়ে ছুটি দিয়ে দেন শেখ রাসেল কোচ।

এদিন বিকেলে খেলোয়াড়দের কেউ টেবিল টেনিস আবার কেউ ক্যারাম খেলে কাটিয়েছেন। অবশ্য দুপুরে খেলোয়াড়রা সবাই মিলে বিচ ভলিবল খেলেছেন।

আসরে শেখ রাসেল বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তারা। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে পাকিস্তানের কেআরএল আছে দ্বিতীয় স্থানে।

তাই এই ম্যাচে শেখ রাসেল অন্তত ড্র করলেই ৫ পয়েন্ট নিয়ে মূল পর্বে খেলা নিশ্চিত করে ফেলবে। আর তা হলে এই প্রথম বাংলাদেশের কোন দল প্রেসিডেন্টস কাপের মূল পর্বে খেলবে।

এরআগে ঢাকা আবাহনী লিমিটেড চারবার প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বে খেললেও একবারও মুল পর্বে উঠতে পারেনি। প্রত্যেকবারই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।