২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির সামনে সহজ সমীকরণ

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে মাঠে নামার আগে ম্যানচেস্টার সিটির সামনে সহজ সমীকরণ। ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই শিরোপা পুনরুদ্ধার করবে ২০১১-১২ সালের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 09:56 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

রোববার এই ম্যাচটি ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলবে তারা। তাই সহজ সমীকরণের পাশাপাশি বাড়তি আত্মবিশ্বাসও সঙ্গী কোচ মানুয়েল পেল্লেগ্রিনির দলটির।

শেষ রাউন্ডে মাঠে নামার আগে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। তাদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

লিভারপুলের জয়ের বিপরীতে সিটি ড্র করলে দুই দলেরই পয়েন্ট হবে সমান ৮৪। তখন চ্যাম্পিয়ন নিধার্রণ হবে গোল ব্যবধানে। আর ঐ হিসেবে লিভারপুলের চেয়ে ১৩ গোলে এগিয়ে সিটি। পয়েন্ট সমান হলেও তাই বাস্তব কোনো সম্ভাবনা নেই লিভারপুলের।

সিটি হারলে অবশ্য দুই যুগ পর শিরোপা জয়ের স্বপ্নটা সত্যি হতে পারে লিভারপুলের। সে জন্য অবশ্য অ্যানফিল্ডে নিউক্যাসল ইউনাইটেডকে হারাতে হবে তাদের।

তাই এদিন বড় কোনো অঘটন না হলে কারো উপর নির্ভর না করেই শিরোপা জিতবে সিটি। তবে ড্র করে নয়, জিতেই শিরোপা উল্লাস করতে চান সিটির আর্জেন্টিনার ডিফেন্ডার পাবলো সাবালেতা।

ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেন, “আমরা জানি একটা ড্র’ই যথেষ্ট, তারপরও আশা করি রোববার আমরা ভালো খেলে তিন পয়েন্টই পাব। আমরা অবশ্যই ম্যাচটি জেতার জন্য খেলব।”