২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর বিশ্বকাপ দল ঘোষণা

ব্রাজিল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে মেক্সিকো। কোচ মিগেল হেররেরার ২৩ সদস্যের দলে প্রত্যাশিতভাবেই আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড হাভিয়ের হার্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 09:12 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

তবে ডাক পাননি আর্সেনালের সাবেক স্ট্রাইকার কার্লোস ভেলা। ২০১১ সাল থেকে জাতীয় দলে সুযোগ না পাওয়া ভেলার সামনে সে সম্ভাবনাও অবশ্য তেমন ছিল না।

তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেল ঘটাতে কোচ হেররেরা দলে রেখেছেন ৩৪ বছর বয়সী কার্লোস সালসিদোকে। ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপ খেলেছেন এই ডিফেন্ডার। কিন্তু গত বছর হেরেরা দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম জাতীয় দলে ফিরলেন তিনি।

অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ৩৫ বছর বয়সী বার্সেলোনার সাবেক ডিফেন্ডার রাফায়েল মার্কেস।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে মেক্সিকো। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও এবারের স্বাগতিক ব্রাজিল ছাড়া গ্রুপের অন্য দুই দল ক্রোয়েশিয়া ও ক্যামেরুন।

মেক্সিকো দল:

গোলরক্ষক: হেসুস করোনা, আলফ্রেদো তালাভেরা, গিজেরমো ওচোয়া।

ডিফেন্ডার:  পল আগিলার, মিগেল লেইয়ুন, হেক্টর মোরেনো, দিয়েগো রিয়েস, ফ্রান্সিসকো রদ্রিগেস, রাফায়েল মার্কেস, কার্লোস সালসিদো।

মিডফিল্ডার: হেক্টর হেররেরা, হোসে হুয়ান ভাসকেস, হুয়ান কার্লোস মেদিনা, কার্লোস পেনা, ইসাক ব্রিসুলা, লুইস মনতেস, মার্কো ফাবিয়ান, আন্দ্রেস গুয়ারদাদো।

ফরোয়ার্ড: ওরিবে পেরাল্তা, হাভিয়ের হার্নান্দেস, রাউল হিমিনেস, অ্যালেন পুলিদো, জিওভানি দস সান্তোস।