মাদ্রিদের ফাইনালে শারাপোভা
পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকাকে সরাসরি সেটে হারিয়ে মাদ্রিদ ওপেনের ফাইনালে উঠেছেন রুশ তারকা মারিয়া শারাপোভা।
শুক্রবার সেমি-ফাইনালে তৃতীয় বাছাই রাদভান্সকাকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই শারাপোভা। ম্যাচটি জিততে ১ ঘণ্টা ৮ মিনিট সময় নেন তিনি।
ফাইনালে শারাপোভা খেলবেন রোমানিয়ার সিমোনা হ্যালেপের বিপক্ষে। ফাইনালে ওঠার লড়াইয়ে চতুর্থ বাছাই হ্যালেপ ৬-৭, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে।
২৫ মে শুরু হবে ক্লে কোর্টের একমাত্র গ্র্যান্ড স্ল্যাম ‘ফ্রেঞ্চ ওপেন’। তাই ক্লে কোর্টের এই টুর্নামেন্টে জিতলে ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে আত্মবিশ্বাসও বাড়বে শারাপোভার।
