২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ প্রস্তুতিতে বিমানবন্দরেও বাধা

ব্রাজিল বিশ্বকাপের শেষমুহূর্তের প্রস্তুতিতে আরেকটি ধাক্কা। কাজের নিরাপদ পরিবেশ না থাকায় সাও পাওলোর ভিরাকোপোস বিমানবন্দরের কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বিমানবন্দরটির একটি টার্মিনালের কাজ শেষ করার সময়সীমা রোববার। এ কারণেই খুব দ্রুত কাজ চলছিল সেখানে।

ফেডারেল প্রসিকিউটররা জানান, নির্মাণ স্থানে ঝুকিপূর্ণভাবে ভারী উপকরণ আনা নেয়া, উচু মাচার আশপাশে বেপরোয়াভাবে যান চালানো এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপকরণগুলোর অপব্যবহার হচ্ছিল। তাই অনেক উচ্চতায় কাজ ও ভারী যন্ত্রপাতি ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তাদের দাবি, দ্রুত কাজ করতে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।

বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যাওয়ায় আরো ঝুঁকির মুখে পড়লো ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি। আর মাত্র ১ মাস বাদে দেশটির ১২ টি শহরে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। সাও পা‌ওলো টুর্নামেন্টের অন্যতম আয়োজক শহর। বিশ্বকাপের কথা মাথায় রেখেই বিমানবন্দরটি সংস্কার করা হচ্ছে।

তবে ঝুঁকিপূর্ণ পরিবেশে বিশ্বকাপ প্রস্তুতির কাজ করার জন্যে অনেক মূল্যও দিতে হয়েছে দেশটিকে। ১২টি স্টেডিয়ামের কাজ করতে গিয়ে এ পর্যন্ত ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এমনকি এই ভিরাকোপোস বিমানবন্দরটির নতুন টার্মিনালের কাজেও মারা গেছেন দুই জন শ্রমিক।

তাই নতুন কোনো দুর্ঘটনা এড়াতে এবার সতর্ক অবস্থানে প্রশাসন। অবশ্য নতুন টার্মিনালের কাজ ৯২ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।