২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদ ওপেনের শেষ চারে নাদাল

আগের দুটি টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালের বাধা পার হতে পারেনি রাফায়েল নাদাল। ব্যর্থতা পেছনে ফেলে অবশেষে মাদ্রিদ ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 04:28 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

প্রিয় ক্লে কোর্টে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না স্পেনের নাদালের। মন্টে কার্লো ও বার্সেলোনা ওপেনের শেষ আট থেকে ছিটকে পড়েছিলেন তিনি।

শুক্রবার শেষ আটের লড়াইয়ে নাদাল ৬-৪, ৬-২ গেমে হারান চেক প্রজাতন্ত্রের তমাস বার্দিচকে। ষষ্ঠ বাছাই বার্দিচকে হারাতে ১ ঘণ্টা ২৭ মিনিট সময় নিয়েছেন নাদাল। বার্দিচের বিপক্ষে নাদালের এটা টানা ১৭তম আর মোট ১৮তম জয়। বাকি তিনটিতে হেরেছেন তিনি।

শেষ চারে নাদাল খেলবেন তারই স্বদেশী অবাছাই রবের্তো বতিস্তার বিপক্ষে।

অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছেন জাপানের কেই নিশিকোরি ও নাদালের স্বদেশী দাভিদ ফেরার।

রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। আর তৃতীয় রাউন্ডেই হেরে গেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। সুতরাং ক্লে কোর্টের একমাত্র গ্র্যান্ড স্ল্যাম ‘ফ্রেঞ্চ ওপেন’ শুরুর আগে মাদ্রিদে শিরোপা জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার দারুণ সুযোগ রয়েছে নাদালের সামনে। 

২৫ মে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন।