লিপির ডাবল হ্যাটট্রিকে নরসিংদীর বড় জয়
লিপি আক্তারের ডাবল হ্যাটট্রিকে জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বিশাল ব্যবধানে জিতেছে নরসিংদী জেলা। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তারা ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে মুন্সিগঞ্জ জেলাকে।
নরসিংদীর পক্ষে অপর গোল দুটি করেন রিমা আক্তার ও জয়শ্রী দাস।
একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে আফরোজা আক্তারের হ্যাটট্রিকে মানিকগঞ্জ জেলা ৫-০ গোলে হারিয়েছে কুমিল্লা জেলাকে। বিজয়ী দলের পক্ষে বাকি দুটি গোল সুমি ও মৌসুমির।
বাগেরহাট ভেন্যুতে বরগুনা জেলা ৩-০ গোলে সহজেই জিতেছে সাতক্ষীরা জেলার বিপক্ষে। বিজয়ী দলের পক্ষে ফাতেমা, হালিমা ও শারমিন একটি করে গোল করেন।
