২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগা জিততে চান মেসি

লা লিগায় শেষ দুটি ম্যাচে জিতলে কারো ওপর নির্ভর না করেই শিরোপা ধরে রাখবে বার্সেলোনা। দলের সেরা তারকা লিওনেল মেসিও তাই গত কদিনের হতাশা ভুলে শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 09:41 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

বৃহস্পতিবার তার নিজের ফাউন্ডেশনের একটি প্রচারণা অনুষ্ঠানে মেসি বলেন, “গত কয়েক সপ্তাহের তুলনায় এখন আমরা ভালো অবস্থানে আছি। লিগ জেতার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এটা নির্ভর করছে শুধুই আমাদের ওপর। তাই এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন এটা ছিটকে না যায়।”

গত রোববার গেতাফের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর বার্সেলোনার শিরোপা স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। কিন্তু পরদিনই আতলেতিকো মাদ্রিদের হার আর রিয়াল মাদ্রিদের ড্র আবারো জমিয়ে তোলে লা লিগার ত্রিমুখী শিরোপা লড়াইকে।

এর দুই দিন পর রিয়াল ফের ড্র করায় নাটকীয় মোড় নেয় স্পেনের ঘরোয়া লিগটি।

৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা রিয়ালের আশা প্রায় শেষ। ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা আর ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো।

বার্সেলোনার চেয়ে আতলেতিকো ৩ পয়েন্টে এগিয়ে থাকলেও লিগে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ৩৭তম রাউন্ডে যদি আতলেতিকো ও বার্সেলোনা জেতে, আর শেষ রাউন্ডে আতলেতিকোকে যদি বার্সেলোনা হারাতে পারে তাহলে এবারের লা লিগা শিরোপা উঠবে মেসিদেরই হাতে।

কারণ, সেক্ষেত্রে দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে। শিরোপা দেয়া হবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকা দলকে। বছরের শুরুতে লিগে আতলেতিকো-বার্সেলোনার প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। শেষ ম্যাচ জিতলে মুখোমুখি লড়াইয়ে বার্সেলোনাই এগিয়ে থাকবে।