২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অনিশ্চিত পেপে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার পেপের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাঁ-পায়ের চেশিতে চোট পেয়েছেন পর্তুগালের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 09:05 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে পেপের চোটের বিষয়টি জানিয়েছে রিয়াল। তবে পেপেকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা জানায়নি দলটি।

যদিও স্পেনের গণমাধ্যমের খবর মতে, সুস্থ হয়ে মাঠে ফিরতে দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে তার।

আগামী ২৪ মে পর্তুগালের রাজধানী লিসবনে হবে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে অভিজাত প্রতিযোগিতার এবারের ফাইনালটি।

এদিকে, নিষেধাজ্ঞার কারণে এবারের ফাইনালে খেলতে পারবেন না রিয়ালের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চাভি আলোনসোও। তাই পেপের এই চোট নিশ্চিতভাবেই বাড়তি দুশ্চিন্তায় ফেলবে কোচ কার্লো আনচেলত্তিকে।

লা লিগায় এখনও দুটি খেলা বাকি রিয়ালের। ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকায় কার্যত রিয়ালের শিরোপা স্বপ্ন শেষ। কারণ তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। আর শীর্ষে থাকা আতলেতিকোর পয়েন্ট ৮৮।

তারপরও অঙ্কের হিসেবে লিগ শিরোপা পুনরুদ্ধারের যতটুকু আশা বাকি আছে, পেপের চোট সেটাকেও হুমকির মুখে ফেলে দিল।

আগামী রোববার লিগে সেল্তা ভিগোর মাঠে খেলবে রিয়াল। আর লিগ মৌসুমের শেষ দিনে ঘরের মাঠে তারা খেলবে এসপানিওলের বিপক্ষে।