২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার লিগে বার্সার ওপরে রিয়াল

লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে থাকলেও আয়ের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদ। ‘ফোর্বস’ ম্যাগাজিনের জরিপে আবারো বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের মর্যাদা পেয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বিশ্বের সবধরণের খেলা মিলিয়ে যত ক্লাব আছে, তাদের বাৎসরিক আয়ের হিসেবে প্রতিবছর এই তালিকা করে থাকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এই ম্যাগাজিনটি।

টানা দ্বিতীয় বছরেও সবচেয়ে দামি ক্লাব হিসেবে বিবেচিত রিয়াল মাদ্রিদের বর্তমান মূল্যমান ৩৪৪ কোটি মার্কিন ডলার। রিয়ালের ঠিক পরেই আছে ৩২০ কোটি ডলারের বার্সেলোনা।

আর তৃতীয় স্থানে আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের মূল্যমান ২৮১ কোটি ডলার।

এদিকে, ঘরোয়া লিগের শিরোপা জয়ের আশা প্রায় শেষ হয়ে গেলেও রিয়ালের জনপ্রিয়তা কিন্তু বেড়েই চলেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে প্রথম দল হিসেবে রিয়ালের অনুসারী ছাড়িয়ে গেছে ২০ লাখ।