জরিমানা গুণতে হচ্ছে মরিনিয়োকে
রেফারিকে নিয়ে বাজে মন্তব্য করে জরিমানা গুণতে হচ্ছে চেলসি কোচ জোসে মরিনিয়োকে। বৃহস্পতিবার ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, মরিনিয়োর জরিমানার পরিমাণ ১০ হাজার পাউন্ড।
১৯ এপ্রিল ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর রেফারি মাইক ডিনকে নিয়ে অপমানমূলক কথা বলেন।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মরিনিয়ো রেফারি ডিনকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, "রেফারির পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য।"
শুধু ডিনই নয়, রেফারিদের প্রধান মাইক রিলেরে 'সততা' নিয়েও প্রশ্ন তোলেন মরিনিয়ো।
পর্তুগালের এই আচরণ ফুটবলের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে এফএ।
এর আগে এই মৌসুমেই ৮ হাজার পাউন্ডের আরেকটি জরিমানার শাস্তি পেয়েছেন মরিনিয়ো।
১৫ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে রেফারি ক্রিস ফয়ের একটি সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন মরিনিয়ো।
সেই ম্যাচে পাওয়া শাস্তির বিরুদ্ধে এফএর কাছে আপিল করেছিলেন চেলসি কোচ। তবে তার আপিল নাকোচ করে দেয় এফএ।
