জয়ে ফিরেছে আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এক ম্যাচ পর আবারো জিতেছে ঢাকা আবাহনী লিমিটেড। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কষ্ট করে হলেও তারা ২-১ গোলে হারিয়েছে টিম বিজেএমসিকে।
আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হেরেছিল আবাহনী।
এদিন গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে বিজেএমসি গোলরক্ষক শহিদুল আলম হিমেল আবাহনীর ঘানার স্ট্রাইকার ওসেই মরিনসনকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তা থেকেই গোল করে নীল-আকাশি শিবিরকে এগিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড লিওনিলদো সুয়ারেজ।
১০ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার শাহেদুল আলম। মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন তিনি।
ইনজুরি সময়ে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিয়েছিলেন বিজেএমসির ইসমাইল বানগুরা। কিন্তু শেষপর্যন্ত স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী। নাইজেরীয় মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর ফ্রি-কিকে চমৎকার হেড করে গোলটি করেছিলেন গিনির স্ট্রাইকার বানগুরা।
১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা শেখ জামালের পয়েন্ট ৩৪।
হারলেও ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান ধরে রেখেছে বিজেএমসি।
