২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে হারিয়ে এগিয়ে গেলো শেখ জামাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়রথ থামাতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডও। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানকে ৩-০ গোলে হারিয়েছে শেখ জামাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 09:26 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

ম্যাচের ১২ মিনিটে শেখ জামালকে এগিয়ে দেন হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দে।

ঠিক দশ মিনিট পর শেখ জামাল ব্যবধান দ্বিগুন করে। সনির ক্রসে নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের শট মোহামেডান গোলরক্ষক টিটুর হাতে লেগে জালে জড়ায়।

৩৮তম মিনিটে শেখ জামাল ব্যবধান বাড়ানোর দারুণ একটি সুযোগ নষ্ট করে, দুই ডিফেন্ডারকে কাটিয়ে সনির নেয়া আড়াআড়ি শট পোস্টে লাগে।

৫১তম মিনিটে মোহামেডান ব্যবধান কমানোর মতো একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

উল্টো দশ মিনিট পর আরেকটি গোল খায় মোহামেডান। শেখ জামালের এবারের গোলটিও সনি-এমেকার যুগলবন্দিতেই আসে। সনির ক্রস থেকে এমেকা ম্যাচে তার দ্বিতীয় গোল করে দলকে ৩-০তে এগিয়ে দেন।

১৪ ম্যাচে ১৪ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই।

এই জয়ের সুবাদে শীর্ষে থাকা শেখ জামালের সংগ্রহ ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট। তারা এখন অনেকটাই এগিয়ে গেলো। তৃতীয় স্থানে থাকা মোহামেডানের (২৩ পয়েন্ট) সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১ ।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ফেনী সকার ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার দিনের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

এই ড্রয়ের ফলে ১৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ফেনী নবম এবং এক ম্যাচ বেশি খেলে ৮ পয়েন্ট পেয়ে চট্টগ্রাম আবাহনী দশম স্থানে আছে।