শ্রীলঙ্কান বিমানবাহিনীকে হারাতে চায় শেখ রাসেল
এএফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কার বিমানবাহিনী। পরের পর্বে যাওয়ার জন্য এই ম্যাচটি জিততে চায় শেখ রাসেল।
কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
বুধবার পাকিস্তানের কেআরএল ফুটবল ক্লাবের সঙ্গে ড্র করে মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। তবে পরের পর্বে যেতে হলে এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে হবে শেখ রাসেলকে।
শেখ রাসেলের মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচও এই ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী, "জয় ছাড়া এই ম্যাচে আমাদের সামনে বিকল্প কিছু ভাববার অবকাশ নেই। প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবছি না। আমার দৃঢ় বিশ্বাস এই ম্যাচে আমরাই জিতব।”
শ্রীলঙ্কা থেকে শেখ রাসেলের দলীয় সুত্রে জানা গেছে, আগের ম্যাচে ড্র করায় শেখ রাসেল খেলোয়াড়রা বেশ ফুরফুরে মেজাজে আছে। সকালে সমুদ্রে গোসল করে দুপুরে হোটেলের সুইমিংপুলে ওয়াটার পোলো খেলেছেন ফুটবলাররা।
দলটির অভিজ্ঞ ডিফেন্ডার হাসান আল মামুনও আশাবাদী এই ম্যাচে তার দল জিতবে, "গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল পাকিস্তানের কেআরএলের সঙ্গে ড্র করেছি আমরা। তাই এই ম্যাচে আমাদের জয় পাওয়া উচিত। আমার বিশ্বাস আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো।
রোববার গ্রুপের শেষ ম্যাচে শেখ রাসেল মুখোমুখি হবে ভুটানের ইয়ুগেন অ্যাকাডেমির।
