ফ্লাড লাইটের আলোয় হবে জুনিয়র অ্যাথলেটিক্স
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ক্ষত-বিক্ষত ট্র্যাকে শুক্রবার শুরু হচ্ছে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। তীব্র খরতাপের কারণে দুদিনের এই প্রতিযোগিতাটি হবে ফ্লাড লাইটের আলোয়।
বিভিন্ন জেলা, শিক্ষা বোর্ড, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বিকেএসপিসহ বিভিন্ন সংস্থার প্রায় চারশ’ ক্ষুদে অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশ নেবে।
বালক ও বালিকা এবং কিশোর ও কিশোরী এই চারটি গ্রুপের ৩৩টি ইভেন্টে অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বিতা করবে ।
ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস জানান, প্রচন্ড তাপদাহের কারণে দুপুরে খেলা চলানো সম্ভব নয়। তাই ফ্লাড লাইটের আলোয় এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কতৃর্পক্ষ।
বিভিন্ন সময়ে কনসার্ট ও নানান অনুষ্ঠান আয়োজনের কারণে অ্যাথলেটিক ট্র্যাকের অবস্থা খুবই করুণ। ছোট-বড় মিলে ২৭টির মতো গর্ত আছে এই ট্র্যাকে। জাতীয় ক্রীড়া পরিষদ এই ট্র্যাক সংস্কারের উদ্যোগ নিয়েছে। যাতে খরচ হবে প্রায় ৬০ লাখ টাকার মতো।
