২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের কোচ হতে চান ফন গাল

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার আগ্রহ আছে লুইস ফন গালের। কোনো রাখঢাক না রেখেই সাংবাদমাধ্যমে মুখফুটে কথাটা বলে ফেলেছেন নেদারল্যান্ডসের এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 07:17 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

ডেভিড ময়েস বরখাস্ত হওয়ার পরপরই ইউনাইটেডের পরবর্তী কোচ হিসেবে লুইস ফন গালের নাম আসে সংবাদমাধ্যমে। তখন অবশ্য তার আগ্রহ নেই বলে জানিয়েছিলেন তিনি। মাঝে কিছুদিন চুপ থেকে এখন আবার মুখ খুলেছেন ফন গাল।

ইউনাইটেডকে ‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাব’ উল্লেখ করে বিবিসিকে নিজের আগ্রহের কথা বলেন তিনি, “আশা করি আমিই ইউনাইটেডের কোচ হব। এটা বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। এই দলের কোচ হতে পারাটা আমার জন্যে হবে অসাধারণ এক চ্যালেঞ্জ।”

ওল্ড ট্যাফোর্ডের সাবেক কোচ ময়েসকে বরখাস্ত করে সহকারী কোচ ও খেলোয়াড় রায়ান গিগসকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ। সাবেকদের অনেকেরই ইচ্ছা, গিগসকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দেয়া হোক।

তবে নেদারল্যান্ডসের গণমাধ্যমের গুঞ্জন-এরই মধ্যে ফন গালের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের কথা পাকাপাকি হয়ে গেছে। নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষেই ওল্ড ট্রাফোর্ডে যাবেন তিনি। যদিও ডাচ সংবাদমাধ্যমেরদের এই গুঞ্জন গুজব বলে উড়িয়ে দিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ।

ফন গালও সেরকমই বললেন। ওল্ড ট্রাফোর্ডের তার যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিবিসিকে জানিয়েছেন ৬২ বছর বয়সী এই কোচ।

নেদারল্যান্ডসের এই কোচ আপাতত বিশ্বকাপ নিয়েই ভাবছেন বলে জানিয়েছেন।