২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-নেইমারদের নিয়ে জমে উঠেছে ব্যবসা

লিওনেল মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদোদের নিয়ে পানিনি গ্রুপের ব্যবসা বেশ জমেই উঠেছে। ২০১৪ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের ছবির স্টিকার কেনার ধুম পড়েছে ব্রাজিলে। স্টিকার বিক্রি এবার রেকর্ড গড়তে পারে বলেও বিশ্বাস পানিনি গ্রুপের কর্মকর্তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 07:05 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

১৯৭০ সালের বিশ্বকাপ থেকে খেলোয়াড়দের স্টিকার বিক্রির প্রচলন শুরু করে পানিনি। মেক্সিকোর ওই বিশ্বকাপের পর থেকে প্রতিবারই স্টিকার বিক্রি বেড়েছে।

এবার বিশ্বকাপটা ফুটবল-পাগল ব্রাজিলে হচ্ছে বলেই বিক্রিও বেশি হবে বলে ধরে নেয়া হয়েছিল আগেই। তবে এতটা বাড়বে তা ভাবতে পারেনি খোদ পানিনি গ্রুপের কর্মকর্তারাও।

স্টিকার বিক্রির লক্ষ্যমাত্রা বা কত কি বিক্রি হয়েছে, এ বিষয়ে কিছুই জানায়নি পানিনি। তবে তাদের নির্বাহী কর্মকর্তারা বলেছেন, ইতালির এই কোম্পানিটি এবার রেকর্ডই গড়তে যাচ্ছে।

মেসি, নেইমার, রোনালদো, রুনিদের স্টিকার কেনার দিক থেকে ব্রাজিলই সবচেয়ে এগিয়ে। ব্রাজিলের বাইরেও স্টিকার ভালোই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন পানিনির প্র্রতিনিধিরা।

ব্রাজিলের সাও পাওলোতে এরই মধ্যে হয়ে গেছে স্টিকার মেলা। আলেহান্দ্রে গাবেল নামে ৩৭ বছর বয়সী এক বিজ্ঞাপণ নির্বাহী তার ছেলেকে নিয়ে মেলায় যান। ছেলেকে স্টিকার কিনে দেয়ার ফাঁকে তিনি বলেন, "ফুটবল নিয়েই সবকিছু আর কার্ড কিনে আনন্দই লাগে।"

এদিকে সাও পাওলোতে অবস্থিত পানিনির ফ্যাক্টরিতে দিন-রাত চলছে কাজ। প্রতিদিন সেখানে ৫টি স্টিকার নিয়ে প্যাকেট করা হচ্ছে ৮ মিলিয়ন খাম। এই উৎপাদনের প্রায় ৭৫ শতাংশই বিক্রি হচ্ছে ব্রাজিলে। বাকিগুলো যাচ্ছে ব্রাজিলের বাইরে।

এমনকি ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফও এরই মধ্যে ৬৪০টি স্টিকার কিনে ফেলেছেন। অবশ্য এগুলো তিনি নিজের জন্য নয়, কিনেছেন তার নাতির জন্য।