২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিকে হয়ে গেল রিয়ালের শিরোপা স্বপ্ন

ক্ষীণভাবে জ্বলতে থাকা রিয়াল মাদ্রিদের লা লিগার শিরোপা জয়ের স্বপ্নটা অনেকটাই ফিকে হয়ে এলো এবার। ভায়াদলিদের মাঠ থেকে রিয়াল মাদ্রিদ ১-১ গোলের ড্র নিয়ে ফেরার পর আতলেতিকো মাদ্রিদের শিরোপা জয়ের সম্ভাবনা অনেকাংশেই বেড়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 03:13 AM

Updated : 13 Oct 2022, 12:04 PM

স্যার্হিও রামোসের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের শেষ মুহূর্তে অসোরিওর গোলে রিয়ালকে জয় বঞ্চিত করে ভায়াদলিদ।

মঙ্গলবার ভায়াদলিদের মাঠে ম্যাচের শুরুর দিকেই একটা দুর্ভাগ্যের শিকার হয় রিয়াল মাদ্রিদ। অষ্টম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে।

তবে নিজেদের শিরোপা জয়ের দৌড়ে রাখতে মরিয়া রিয়াল মাদ্রিদ রোনালদোকে ছাড়াই ভায়াদলিদের রক্ষণে একের পর এক আক্রমণ রচনা করতে থাকে। আনহেল ডি মারিয়া, করিম বেনজেমা আর চাভি আলোন্সোদের করা সেই আক্রমণ সফলতার মুখ দেখে ৩৪তম মিনিটে।

ভায়াদলিদের পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন আলোন্সো। ফ্রি-কিক পায় রিয়াল। রোনালদোর অবর্তমানে গুরুত্বপূর্ণ এই জায়গায় ফ্রি-কিকটি নেন রামোস। দারুণ এক গোল করে দলকে আনন্দে ভাসান স্পেনের এই ডিফেন্ডার।

অবনমনের শঙ্কায় থাকা ভায়াদলিদ এরপর অনেক চেষ্টা করেও গোল পাচ্ছিল না। দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভালো আক্রমণও করে তারা। শেষ পর্যন্ত এর ফলও পায় ভায়াদলিদ। হাভিয়ের বারাহার কর্ণার থেকে ৮৮ মিনিটে অসাধারণ এক হেডে স্কোরলাইন ১-১ করেন অসোরিও।

সমতাসূচক এই গোলের আগে ভালো কিছু সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদও। তবে বেনজেমা-ডি মারিয়ারা সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়াতে পারেননি।

অসিরিওর গোলের পর রিয়াল যেন আরো মরিয়া হয়ে ওঠে। কিন্তু শিরোপা দৌড়ে নিজেদের ভালো অবস্থানে রাখতে কাঙ্খিত গোল আর পায়নি তারা।

এই ম্যাচ শেষে ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ রয়েছে শীর্ষে। আতলেতিকো আর এক ম্যাচ জিতলেই ভেঙে যাবে রিয়ালের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন। আর দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৬ ম্যাচে ৮৫।