২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আরো কাছে সিটি

দ্বিতীয়ার্ধের চার গোলে অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। তাদের এই জয়ে শিরোপা লড়াই সীমাবদ্ধ হয়ে গেল দুই দলের মধ্যে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 03:07 AM

Updated : 25 Apr 2022, 04:09 PM

৩৭ খেলায় ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সিটি। সমান খেলায় ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লম্বা সময় ধরে শীর্ষে থাকা লিভারপুল। সিটির এই জয়ে শিরোপা-স্বপ্ন শেষ হয়ে গেছে ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা চেলসির।

বুধবার ইতিহাদ স্টেডিয়ামে পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারতো সিটি। কোলারভের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেলে অতিথিদের শুরু থেকেই ভীষণ চাপে রাখে সিটি।

১২ ও ১৮তম মিনিটে সিটির আরো দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় ভিলার গোলরক্ষক ব্র্যাড গুজানের দৃঢ়তায়। ৩৯তম মিনিটে দাভিদ সিলভা ও প্রথমার্ধের যোগ করা সময়ে সামির নাসরির দুটি প্রচেষ্টা ব্যর্থ হলে হতাশা নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আর সিটিকে ঠেকাতে পারেনি ভিলা। ৬৪তম মিনিটে জাবালেতার নিচু ক্রস থেকে আলতো টোকায় দলকে এগিয়ে দেন এদিন জেকো। ৭২তম মিনিটে জাবালেতার আরেকটি পাস থেকে লক্ষ্য ভেদ করে সিটির জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন জেকো।

৮৩তম মিনিটে একটি প্রচেষ্টা বারে লেগে ফিরলে হতাশ হতে হয় অতিথিদের। তাদের হতাশা আরো বাড়িয়ে ৮৯তম মিনিটে ব্যবধান আরো বাড়ান স্তেভান জোভেতিচ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জোভেতিচের গোলের স্থাপতি ইয়াইয়া তোরের লক্ষ্য ভেদে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি। চলতি মৌসুমে এটি সিটির শততম গোল।