২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের বিশ্বকাপ দলে হেনরিক চমক

আগামী মাসে দেশের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কলারি। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে বুধবার ঘোষিত এই দলে একমাত্র চমক নাপোলির ডিফেন্ডার হেনরিক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 11:21 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

প্রত্যাশিতভাবেই দলে নেই ২০০২ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনিয়ো ও ২০০৭ সালের ফিফা বর্ষসেরা কাকা। গত এক বছর ধরেই জাতীয় দলের বাইরে আছেন তারা। ডাক পাননি বর্তমানে এসি মিলানের হয়ে খেলা ফরোয়ার্ড রবিনিয়োও।

আন্তর্জাতিক ফুটবলে এর আগে মাত্র ৭১ মিনিট খেলার অভিজ্ঞতা আছে হেনরিকের। তবে ২০১২-১৪ সাল পর্যন্ত ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলার সময় ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারকে খুব কাছ থেকে দেখেছিলেন স্কলারি। কারণ, ২০১২ সালে পালমেইরাসের কোচ ছিলেন 'বিগ ফিল' নামে পরিচিত স্কলারি।

আক্রমণভাগে যথারীতি দলের সবচেয়ে বড় তারকা নেইমারের পাশে আছেন ফ্রেড ও হাল্ক। আর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন পিএসজির ডিফেন্ডার চিয়াগো সিলভা।

স্কলারির অধীনে ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। ব্রাজিলের মানুষের প্রত্যাশা স্কলারির অধীনেই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করবে নেইমাররা।

বিশ্বকাপ জয়ী এই কোচের অধীনে শেষ ১৪ ম্যাচের ১৩টিতে জেতা ব্রাজিল গতবছরের কনফেডারশন্স কাপ জিতে ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

আগামী ২৬ মে রিও ডি জেনেইরোতে দলের সঙ্গে যোগ দেবে এই খেলোয়াড়েরা। ১২ জুন থেকে মূল পর্ব শুরুর আগে পানামা ও সার্বিয়ার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। 'এ' গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।

ব্রাজিল দল:

গোলরক্ষক: জুলিও সেজার (টরেন্টো এফসি), জেফারসন (বোতাফোগো), ভিক্তর (আতলেতিকো মিনেইরো)।

ডিফেন্ডার: মার্সেলো (রিয়াল মাদ্রিদ), দানিয়েল আলভেস (বার্সেলোনা), মাইকন (রোমা), ম্যাক্সওয়েল ও চিয়াগো সিলভা (পিএসজি), দাভিদ লুইস (চেলসি), দান্তে (বায়ার্ন মিউনিখ), হেনরিক (নাপোলি)।

মিডফিল্ডার: পলিনিয়ো (টটেনহ্যাম হটস্পার), রামিরেস, উইলিয়ান ও অস্কার (চেলসি), হার্নানেস (ইন্টার মিলান), লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), ফার্নানদিনিয়ো (ম্যানচেস্টার সিটি)।

ফরোয়ার্ড: বার্নার্ড (শাখতার দোনেৎস্ক), নেইমার (বার্সেলোনা), ফ্রেড (ফ্লুমিনেজ), জো (আতলেতিকো মিনেইরো), হাল্ক (জেনিত সেন্ট পিটার্সবার্গ)