মুখোমুখি অবস্থানে বাফুফে ও অ্যাথলেটিক্স
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কনসার্ট আয়োজন নিয়ে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।
কিছুদিন আগে অর্থ সঙ্কট কাটাতে এই স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের সিদ্ধান্তের কথা জানায় বাফুফে। কিন্তু অ্যাথলেটিক্স ট্র্যাক নষ্ট হয়ে যাবে বলে এখানে কনসার্ট আয়োজনে বাধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কনসার্ট আয়োজনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস বলেন, “খেলার মাঠে খেলা হবে। কোনো গান-বাজনা কিংবা যাত্রা করার জন্য স্টেডিয়াম তৈরি হয়নি। এমনিতেই ট্র্যাকের অবস্থা খুব একটা ভালো না। কনসার্ট হলে ট্র্যাকের অবস্থা আরও খারাপ হবে। তাই যে কোনো মূল্যে এই স্টেডিয়ামে কনসার্ট আয়োজন প্রতিহত করব আমরা।”
তবে অ্যাথলেটিক্সের বিরোধীতা সত্ত্বেও থেমে নেই বাফুফে। দিন তারিখ ঠিক না হলেও কনসার্ট আয়োজনের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাফুফে। বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে ঐ কমিটির চেয়ারম্যান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় বাফুফে ভবনে বসছে কনসার্ট কমিটির প্রথম সভা। মূলত এই সভায় ঠিক হবে সব কিছু।
এ ব্যাপারে সালাম মুর্শেদী বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কনসার্ট থেকে অর্থ সংগ্রহ করা। আমার আশা করছি এর মাধ্যমে ফুটবল কিছুটা হলেও উপকৃত হবে।”
এর আগে এই স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কারণে ট্র্যাকের অবস্থা বেশ খারাপ হয়েছিল। ছোট-বড় মিলে এই ট্র্যাকে ২৭টির মতো গর্ত হয়েছে।
তাই অ্যাথলেটিক্স ফেডারেশন ট্র্যাক সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের দ্বারস্থ হয়েছে। ক্রীড়া পরিষদও সংস্কারের উদ্যোগ নিয়েছে। ঠিক তখনই বাফুফের কনসার্ট আয়োজনের সিদ্ধান্তে ক্ষুব্ধ অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তারা।
