চুক্তি নবায়ন হতে পারে ডাচ কোচদের
কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের চরম ভরাডুবির পর অনেকেই শেষ দেখে ফেলেছিলেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কণ্ঠেও ছিল হতাশা।
চুক্তির এক বছরের মাথায় বিদায় নিতে হতে পারে এমন শঙ্কায় ছিলেন ক্রুইফ ও রেনেও। তাদের সেই শঙ্কা এবার কেটে যেতে পারে। অন্তত তাদের সেই আশার কথাই শুনিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি তাবিথ আউয়াল।
বাফুফে জাতীয় দল কমিটির এই কর্মকর্তা ক্রুইফ ও রেনের চুক্তি নবায়ন করার কথা ভাবছেন জানিয়ে বলেন, “সামনে অনেকগুলো অ্যাসাইনমেন্ট রয়েছে। তাই অচিরেই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।”
তাবিথ জানান, আগামী সেপ্টেম্বরে ইনচন এশিয়ান গেমেসের মতো গুরুত্বপূর্ণ আসর থাকায় তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে।
একই কথা বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও। তিনি বলেন, “জাতীয় দলের দুই কোচের চুক্তি নবায়ন করার কথা ভাবছি আমরা। কিভাবে সে নবায়ন হবে তা নিয়ে অচিরেই বসে আমরা একটা সিদ্ধান্ত নেবো।”
২০১৩ সালের জুনে ক্রুইফ ও রেনেকে নিয়োগ দিয়েছিল বাফুফে। চুক্তির আগেই প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য পেয়েছিলেন তারা। এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে নেপাল ও নর্দান উত্তর মারিয়া দ্বীপপুঞ্জের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। অঙ্কের হিসেবে শেষ মুহূর্তে বাদ পড়ে দলটি। যদিও এএফসি প্রথমে জানিয়েছিল মূল পর্বে উঠেছে বাংলাদেশ।
কিন্তু পরের অ্যাসাইনমেন্ট ব্যর্থতা তাদের সঙ্গী। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ক্রুইফের দল। সেই প্রতিযোগিতায় আট দলের মধ্যে সপ্তম হয়েছিল বাংলাদেশ।
এরপর থেকেই কোচদের প্রতি বিরক্ত ছিলেন বাফুফে কর্মকর্তারা। এই সময়ে অর্থ সঙ্কটের কারণে কোচদের বেতন ভাতা দেয়া নিয়েও বাফুফেকে সমস্যায় পড়তে হয়েছে। দুই কোচের জন্য প্রতি মাসে বাফুফের খরচ হয় প্রায় ২৫ লাখ টাকা। সব মিলিয়ে তাদের না রাখার পক্ষে মত দেন অনেকেই।
কিন্তু গত মার্চের শুরুতে গোয়ায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করার পর থেকে আবার বাফুফে কর্মকর্তারা তাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। চুক্তি নবায়ন ভাবনা তারই অংশ।
ক্রুইফ ও রেনের সঙ্গে বাফুফের চুক্তি হয়েছে দুবছরের জন্য। তবে এক বছর পর যদি চুক্তি নবায়ন না করা হয় তাহলে তাদের বিদায় নিতে হবে। আগামী জুনে তাদের একবছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
