২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরারের যমজ-ভাগ্য

যমজ মেয়ের পর এবার যমজ ছেলে পেলেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। মঙ্গলবার ফেদেরার ও তার স্ত্রী মির্কা যমজ ছেলে হওয়ার ঘোষণা দিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 08:40 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

সুইজারল্যান্ডের টেনিস তারকা ফেদেরার খবরটি সবাইকে দিয়েছেন অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে। সদ্য জাত সন্তানের পাশে থাকতে মাদ্রিদ মাস্টার্স থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ার ঘন্টা কয়েক পরেই এই ঘোষণা দেন ফেদেরার।

দুই ছেলের নামও আগেই ঠিক করা ছিল, ছেলেরা পৃথিবীর আলো দেখার পর ফেদেরার টুইটারে লেখেন, “মির্কা আর আমি লিও ও লেনিকে পেয়ে দারুণ খুশি।”

৫ বছর আগে মির্কার গর্ভে জন্ম হয়েছিল যমজ মেয়ের। লিও ও লেনির বড় দুই বোনের নাম মাইলা রোজ ও শার্লি রিভা।
এমনিতেই ফেদেরারের দুই মেয়েকে নিয়ে টেনিস বিশ্বে একটি কৌতুক প্রচলিত। দুই বোন জুটি বেধে প্রচুর ডাবলস শিরোপা জিতবে বলে মজা করেন অনেকে।

লিও আর লেনির জন্মের পরপরই মজা করতে শুরু করেছে অনেকে। যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস তারকা জাস্টিন গিমেলসটব টুইটারে লিখেছেন, “রজার ফেদেরার আর মির্কাকে অভিনন্দন। লিও ও লেনি, ব্রায়ান ভাইদের রেকর্ড তো এখন হুমকির মুখে।”
ব্রায়ান ভাইদের একজন ববও এ নিয়ে মজা করেছেন। টুইটারে লিখেছেন, লিও ও লেনি টেনিসের ভবিষ্যত।

কিংবদন্তি বরিস বেকারসহ টুইটারে ফেদেরারকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। তবে টেনিস কোচ ড্যারেন কাহিলের অভিনন্দনে বেশ মজা মিশে ছিল। তিনি লিখেছেন, “দুই সেট যমজ।”