২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুসময়ের অপেক্ষায় ইউনাইটেড

এ মৌসুমে নিজেদের মাঠে শেষ ম্যাচের পর আবেগময় এক বক্তব্য দিলেন একই সঙ্গে ইউনাইটেডের কোচ ও খেলোয়াড় রায়ান গিগস। সমর্থকদের প্রতি গিগসের সেই বক্তব্যের মর্মার্থ—শিগগিরই সুসময় ফিরবে ইউনাইটেডে, শুধু ধৈর্য্য নিয়ে সেই সময়ের অপেক্ষা করতে হবে সবাইকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 08:39 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ম্যাচটা খেলে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড। নেমানিয়া ভিদিচের জন্য ইউনাইটেডের হয়ে ওল্ড ট্যাফোর্ডে শেষ ম্যাচ ছিল এটি। রায়ান গিগসের হয়ত তা নয়। তবে মঙ্গলবার ম্যাচ শেষে দেয়া বক্তব্যে কিছু আবেগী কথা বলেন ইউনাইটেডের এই কিংবদন্তি।

মৌসুমের শুরু থেকেই ব্যর্থতার গণ্ডিতে বন্দি ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটি। লিগ শেষ হতে এক ম্যাচ বাকী, ৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। তবে গিগসের আশা খুব শিগগিরই ঘুরে দাঁড়াবে 'রেড ডেভিলস' নামে পরিচিত দলটি।

"এবারের মৌসুমটা খুব কঠিন ছিল তবে খুব শিগগিরই সুসময় ফিরে আসবে।"

১৯৮৭ সালে ১৪ বছ্র বয়সে ইউনাইটেডের যুব দলে যোগ দিয়েছিলেন গিগস। তার তিন বছর পর ইউনাইটেডের সঙ্গে পেশাদার খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ইউনাইটেডকে অপ্রতিরোধ্য একটি দল হিসেবে গড়ে তোলার অ্যালেক্স ফার্গুসনের অভিযানের অন্যতম হাতিয়ার ছিলেন গিগস।

ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে ১৩টি লিগ শিরোপা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ সর্বমাট ৩৫টি শিরোপা জেতা ২৪ বছরের রঙিন ক্যারিয়ার শেষে হয়ত এবারই বুটজোড়া তুলে রাখতে যাচ্ছেন গিগস।

'হয়ত' এ কারণেই বলা, ইউনাইটেডের সঙ্গে পুরনো চুক্তি শেষ হওয়ার পর গত বছর নতুন করে এক বছরের জন্য চুক্তি করেন তিনি। আর এই সময়টিতে শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, সাবেক কোচ ডেভিড ময়েসের সহকারী হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন গিগস। এরপর কিছুদিন আগে ময়েস বরখাস্ত হলে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পান তিনি।

এক বছরের ঐ চুক্তি এখন প্রায় শেষের পথে। নতুন কোনো চুক্তির খবরও আসেনি। উল্টো সাবেকদের অনেকেরই পরামর্শ- গিগসকেই পূর্ণ মেয়াদে প্রধান কোচ নিয়োগ করতে পারে ইউনাইটেড কর্তৃপক্ষ।

তবে খেলোয়াড় হিসেবে নতুন করে চুক্তি করার কোনো ইচ্ছা তার আছে কি না-এমন প্রশ্নে ৪০ বছর বয়সী গিগস তার সঙ্গে অন্য দুই অভিজ্ঞ সতীর্থ রিও ফার্ডিনান্ড ও প্যাট্রিস এভরার প্রসঙ্গ টেনে বলেন, "যেভাবেই হোক না কেন, নতুন খেলোযাড় আসবেই। সুতরাং আগামী দুই সপ্তাহের মধ্যেই আমাদের তিনজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।"