শেখ রাসেলের সামনে পাকিস্তানের কেআরএল
এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কেআরএলের বিপক্ষে খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্র। বুধবার শ্রীলঙ্কার সুগাথাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলার লক্ষ্য থাকলেও শেখ রাসেলের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও আশাব্যাঞ্জক নয়। শ্রীলঙ্কা যাওয়ার আগে নতুন কোচের অধীনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ দুটি ম্যাচের একটিতে হেরেছে ও অন্যটিতে ড্র করেছে তারা।তাই হয়ত শুরুতেই মূল পর্বের অতবড় লক্ষ্য বাদ দিয়ে আপাতত প্রথম ম্যাচ নিয়েই ভাবতে চান রাসেলের মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচ। “পরের পর্ব লক্ষ্য হলেও, ভাবনায় এখন শুধু কেআরএলের বিপক্ষে জয় পাওয়া। এই ম্যাচটা জিততে পারলে মূল পর্বের পথে অনেকটাই এগিয়ে যাব আমরা। তাই প্রথম ম্যাচে জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”“তবে কাজটা খুবই কঠিন। কারণ পাকিস্তানের দলটি এই আসরের গতবারের রানার্সআপ। তাছাড়া আমি যতটুকু জেনেছি, দলটির অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলের হয়ে খেলে থাকেন। তাই তাদের হারানো চারটিখানি কথা নয়। বাস্তবতা হচ্ছে, অসাধ্য সাধন করেই এগিয়ে যেতে হবে আমাদের।”তবে সাফল্যের ব্যাপারে আশাবাদী রাসেলের অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য্য। প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী হলেও নিজেদের সামর্থের সেরাটা দিতে পারলে জেতা সম্ভব বলে মনে করেন তিনি।মাঠে নামার আগেই চোট শঙ্কায় পড়েছে শেখ রাসেল। শ্রীলঙ্কায় গিয়েই চোট পেয়েছেন দলটির নির্ভরযোগ্য মিডফিল্ডার মিঠুন চৌধুরী। শুধু প্রথম ম্যাচেই নয়, পুরো টুর্নামেন্টেই তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।শেখ রাসলকেও শক্ত প্রতিপক্ষ মানছেন পাকিস্তানের কেআরএল কোচ তারিক লুৎফি।“আমি শুনেছি শেখ রাসেল বাংলাদেশের গতবারের ‘ট্রেবল’ জয়ী। তাছাড়া তাদের দলে নাকি দুজন ভালোমানের বিদেশী ফুটবলার আছে। এমন দলকে হারানো খুব একটা সহজ নয়।” তবে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ তারিক।পরের দুই ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কার বিমানবাহিনী এবং রোববার ভুটানের ইয়ুগেন অ্যাকাডেমির বিপক্ষে খেলবে শেখ রাসেল।
