২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামের ক্ষমা প্রার্থনা

ক্রিস্টাল প্যালেসের মাঠে তিন গোলে এগিয়ে গিয়েও ড্রয়ের ধাক্কাটা সইতে পারেননি লিভারপুলের তারকা লুইস সুয়ারেস। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন তিনি। আর সুয়ারেসের কান্নার ঐ ভিডিও টটেনহ্যামের টুইটার অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ায় সৃষ্টি হয়েছে বিতর্কের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 08:26 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

টটেনহ্যাম হটস্পারের অ্যাকাউন্টে সুয়ারেসের কান্নার ভিডিও-ই শুধু ছাড়া হয়নি, তার নিচে আবার লেখা ছিল 'নির্মম তবে খুবই হাস্যকর'।

যদিও নিজেদের নির্দোষ দাবী করেছে টটেনহ্যাম। ভিডিওটা তারা ছাড়েনি বলে জানিয়েছে দলটি। তাদের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকতে পারে বলেও ধারণা করছে ক্লাবটি। তবে ঘটনাটা যেভাবেই ঘটুক না কেন, তাদের অ্যাকাউন্টে হওয়ার কারণে ইতোমধ্যে লিভারপুলের কাছে ক্ষমা চেয়েছে দলটি।

রোববারের ঐ ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল 'অল রেডস' নামে পরিচিত লিভারপুল। কিন্তু শেষ ৯ মিনিটে পরপর তিন গোল খেয়ে বসে দলটি। এমন হতাশাজনক ফলাফলের পর লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সেরও মনে হচ্ছে, শিরোপা জয় আর সম্ভব নয়। ২৪ বছর পর লিগ শিরোপা জয়ের যে সম্ভাবনা জেগেছিল, সেটা হয়ত এখানেই শেষ হয়ে গেল!

৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যান সিটির পয়েন্ট ৮০। বাকি দুটি ম্যাচ জিতলেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা উঠবে তাদের হাতে। সিটি একটি ম্যাচে হেরে গেলেই কেবল সম্ভাবনা থাকবে লিভারপুলের।