লিভারপুলের শিরোপা-স্বপ্ন প্রায় শেষ
ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা-স্বপ্ন প্রায় শেষ লিভারপুলের। স্বপ্ন যেটুকু বেঁচে আছে, তা শুধু কাগজ-কলমের হিসাবেই।
সোমবার ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ৩-৩ গোলের ড্র নিয়ে ফেরার পর ৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট ‘অল রেড’ নামে পরিচিত দলটির। এখনো তালিকার এক নম্বরেই আছে তারা। তবে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি একটি ম্যাচ কম খেলেছে।
অ্যালেন, স্টারিজ ও সুয়ারেসের গোলে ম্যাচের ৫৫ মিনিটের মধ্যে ৩-০ তে এগিয়ে যায় লিভারপুল।
কিন্তু ৯ মিনিটের একটা ঝড় লিভারপুলের সাজানো স্বপ্নটাকে ভেঙে দিয়ে যায়।
৭৯ মিনিটে ডেলানির গোলে ব্যবধান ৩-১ করে ক্রিস্টাল প্যালেস। এর পর ৮১ ও ৮৮ মিনিটে গেইলের জোড়া গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা।
এভাবে ড্র করাটা মেনে নিতে পারেননি লিভারপুলের ফরোয়ার্ড লুইস সুয়ারেস। ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন উরুগুয়ের এই স্ট্রাইকার।
