বারিধারার চমক জাগানো জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টিম বিজেএমসিকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে পয়েন্ট তালিকার তলানিতে থাকা উত্তর বারিধারা ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের ৩-০ গোলের অনায়াস জয় চমকে দিয়েছে অনেককেই।
লিগের প্রথম পর্বে এই বিজেএমসির কাছেই ৭-০ গোলে হেরেছিল বারিধারা।
লিগে বারিধারার এটি দ্বিতীয় জয়। এর আগে প্রথম পর্বে তারা ৩-২ গোলে হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়নকে।
ম্যাচের শুরুতেই গোল আদায় করে নেয় বারিধারা। ৪ মিনিটে ফরোয়ার্ড নজরুল ইসলামের ক্রসে কেনিয়ার স্ট্রাইকার কলিন্স তেগো আলতো হেডে লক্ষ্য ভেদ করেন।
ব্যবধান দ্বিগুন করতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে লিগে নবাগত দলটির। ৬৬ মিনিটে বারিধারার ব্যবধান দ্বিগুন করা গোলটি করেন ভারতীয় ফরোয়ার্ড ফাইয়াজ আলম।
শেষ বাঁশি বাজার ২ মিনিট বাকি থাকতে বিজেএমসির কফিনে শেষ পেরেক ঠোকেন মিডফিল্ডার সুজন বিশ্বাস। কলিন্সের হেড বিজেএমসি গোলরক্ষক রুখে দেন, ফিরতি বলে জালে জড়ান।
এই জয়ে ১৩ ম্যাচে থেকে ১০ পয়েন্ট নিয়ে তলানি থেকে অষ্টম স্থানে উঠে এসেছে বারিধারা। আর বিজেএমসি সমান ম্যাচেকে ১৫ পয়েন্ট নিয়ে তাদের ওপরেই আছে।
