২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাটট্রিক শিরোপা উদযাপন করল জুভেন্টাস

তাদের ম্যাচ ছিল না। ছিল না জয়-পরাজয়ের হিসাব। তবু তারা আনন্দে মাতলেন। সেরি আতে হ্যাটট্রিক শিরোপা জয় উদযাপন করলেন আন্দ্রে পিরলো আর জিয়ানলুইজ বুফফনরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 04:23 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

রোববার কাতানিয়ার কাছে এএস রোমার ৪-১ গোলে হেরে যাওয়ায় ৩ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে জুভেন্টাসের।

রোমার ম্যাচ শুরুর আগেই একে একে ক্লাব প্রাঙ্গনে জড়ো হতে থাকে জুভেন্টাসের খেলোয়াড়রা। নিজেদের মাঠে ম্যাচের আগে যে ঘরটিতে তারা বসেন, রোমার ম্যাচ শুরু হতেই সবাই সেই ঘরে গিয়ে বসলেন। টেলিভিশনে রোমার খেলা দেখাই ছিল উদ্দেশ্য।

প্রথমার্ধে রোমা ২-০তে পিছিয়ে পড়ার পরই উৎসব শুরু হয়ে যায়। ম্যাচ শেষে যেটা চূড়ান্ত রূপ পায়।

সেরি আতে নিজেদের ৩০তম শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর জুভেন্টাসের গোলরক্ষক ও অধিনায়ক বুফফন মহা খুশি।

উৎসবের ফাঁকে নিজের অনুভূতির কথা জানান ৫ বার ইতালিয়ান লিগ জেতা বুফফন, "মাঠে না নেমেই এটা আমার দ্বিতীয় স্কুদেত্তো (সেরি আ শিরোপা) জয়। এটা অন্যরকম, অন্যরকম এক অনুভূতি। তবে দারুণ।"

ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি যোগ করেন, "অসাধারণ এক যাত্রা ছিল এটা এবং আমরা এখনো শেষ করিনি, কারণ সেরি আর প্রথম ক্লাব হিসেবে আমাদের ১০০ পয়েন্ট পাওয়ার বিষয়টি সামনে আছে।"

দলের অসামান্য এই সাফল্যের জন্য কোচ আন্তোনিও কোন্তের প্রশংসায় পঞ্চমুখ জুভেন্টাসের কর্মকর্তারা।

২০০৬ সালে ম্যাচ পাতানোর কলঙ্ক মাথায় নিয়ে দুটি ইতালিয়ান শিরোপা হারাতে হয়েছে জুভেন্টাসকে, অবনমিত হয়ে সেরি বিতে খেলতে হয়েছে।

ওই দু:সময়কে পেছনে ফেলে জুভেন্টাসকে আবার জাগিয়ে তুলেছেন কোন্তে। ২০১১ সালে দলের দায়িত্ব নেয়ার পর জিতিয়েছেন সেরি আর হ্যাটট্রিক শিরোপা।

Image
হ্যাটট্রিক শিরোপা জয়ের পর কোচ আন্তোনিও কোন্তেকে নিয়ে উচ্ছ্বসিত জুভেন্টাসের সমর্থকরা। ছবি: রয়টার্স

হ্যাটট্রিক শিরোপা জয়ের পর কোচ আন্তোনিও কোন্তেকে নিয়ে উচ্ছ্বসিত জুভেন্টাসের সমর্থকরা। ছবি: রয়টার্স

শিরোপা নিশ্চিত হওয়ার পর জুভেন্টাসের মহা পরিচালক জিওসেপ্পে মারোত্তা ৪৪ বছর বয়সী এই কোচকে নিয়ে উচ্ছ্বসিত, "কোন্তে ক্লাবে আসার প্রথম দিনেই খেলোয়াড়দের মধ্যে লড়াকু মনোভাব প্রবেশ করিয়েছে। ঐতিহাসিক এই মুহূর্তের, এই স্কুদেত্তো জয়ের বেশিরভাগ কৃতিত্বই তার।"

২০০৬ বিশ্বকাপ পরবর্তী সেই দু:সময়ে অনেক খেলোয়াড়ই ক্লাব ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্য কোখাও। কিন্তু দলের সঙ্গে থেকে গেছেন ২০০৬ বিশ্বকাপ জয়ী বুফফন। ঐতিহাসিক এই মুহূর্তে সেই স্মৃতি ভীড় করেছে বুফফনের মনে। সেই সময়ে ক্লাব ছাড়েননি বলে নিজেকে এখন একটু বেশিই সুখী মনে হচ্ছে।

কোচকে নিয়ে উচ্ছ্বসিত জুভেন্টাসের সমর্থকরাও। রোমা হেরে যাওয়ার পরই ব্যানার-ফেস্টুন হাতে রাস্তায় নেমে আসে তারা। জয়োৎসবে যোগ দিতে তোরিনো শহরের প্রাণকেন্দ্র পিয়াস্সা সান কার্লো স্কয়ারে যায় সমর্থকরা। বেশিরভাগ সমর্থকের হাতেই ছিল কোন্টের ছবি সম্মিলিত ব্যানার।