আতলেতিকোর হারে আরো জমল লা লিগা
দশ নম্বরে থাকা লেভান্তে স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াই জমিয়ে দিল। নিজেদের মাঠে মৌসুমের চমক জাগানো দল আতলেতিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে তারা। দিয়েগো সিমেওনের দলের এই হারের ফলে দারুণ জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই।
কিছুটা আশা জেগেছে শিরোপাধারী বার্সেলোনার। তবে শিরোপা সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল হয়েছে আতলেতিকোর নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের।
এই হারের পরও ৩৬ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আতলেতিকো। সমান ম্যাচ খেলে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শনিবার গেতাফের সঙ্গে ২-২ গোলে ড্র করা বার্সা।
তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮২। তবে দুটি ম্যাচ কম খেলেছে স্পেনের সবচেয়ে সফল দলটি। রোববার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে জিতলেই পয়েন্টের হিসেবে বার্সেলোনাকে ধরে ফেলবে তারা।
তবে রিয়ালের সম্ভাবনা উজ্জ্বল অন্য আরেক হিসেবে। লিগের শেষ রাউন্ডে মুখোমুখি হবে বার্সা ও আতলেতিকো। বার্সার মাঠে সেই ম্যাচে অতিথিরা পয়েন্ট হারালে আর রিয়াল বাকি সবগুলো ম্যাচ জিতলেই শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত হবে ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন দেখা দলটির।
রিয়াল সমর্থকদের জন্য সুখবর- আর কোনো বড় দলের বিপক্ষে খেলতে হবে না তাদের।
রোববার লিগের শিরোপা লড়াইকে আরো নাটকীয় করে তোলা ম্যাচে সপ্তম মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আতলেতিকো। আত্মঘাতী গোলটি করেন ব্রাজিলের ডিফেন্ডার ফিলিপে লুইস। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
আর লেভান্তের জয় নিশ্চিত করা গোলটি করেন স্ট্রাইকার দাভিদ বারাল। ৬৯ মিনিটে স্বদেশের স্ট্রাইকার ভিক্তরের ক্রসে ডি বক্সের মধ্যে থেকে আলতো কিন্তু বুদ্ধিদীপ্ত টোকায় লক্ষ্যভেদ করেন স্পেনের বারাল।
৭৬ মিনিটে ম্যাচে ফেরার দারুণ একটি সুযোগ পেয়েছিল আতলেতিকো কিন্তু বদলি স্ট্রাইকার আদ্রিয়ানের শটটি গোলপোস্টে বাধা পায়। শেষপর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর হারল আতলেতিকো। এই মৌসুমে লিগে এটা তাদের চতুর্থ হার, টানা ৯ জয়ের পর হারল কোচ সিমেওনের দলটি।
