স্ট্রাইকারদের দুষলেন আবাহনী কোচ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে মোহামেডানের কাছে ১-০ গোলে হারের জন্য নিজ দলের স্ট্রাইকারদের দায়ী করেছেন আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি।
রোববার ম্যাচ শেষে আবাহনী কোচ বলেন, “ম্যাচে আমরা অনেকগুলো সুযোগ পেয়েছি। কিন্তু একটিও গোল করতে না পারার জন্য মূলত দায়ী স্ট্রাইকাররাই। এমন অনেক সুযোগ আমরা হাতছাড়া করেছি যা অমার্জনীয়। এর মাশুল দিতে হয়েছে হেরে। এর জন্য আমরা নিজেরাই দায়ী।”
দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক আতিকুর রহমান মিশুর মতে, ঘানার স্ট্রাইকার ওসেই মরিসনের ফর্মে না থাকাটা আবাহনীর জয় না পাওয়ার অন্যতম কারণ। আর গোল খাওয়ার পেছনে গোলরক্ষক ও ডিফেন্ডারদেরই দুষলেন তিনি।
মোহামেডানের পর্তুগিজ কোচ রুই হোসে ক্যাপালা বাতিস্তা জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের দিয়ে বলেন, “আমাদের পরিকল্পনা ছিল প্রতি-আক্রমণ করে খেলবো। এই পরিকল্পনায় খেলোয়াড়রা ঠিক ভাবে খেলতে পেরেছে বলেই সফলতা পেয়েছি।”
মোহামেডানের জয়ের নায়ক ওয়াহেদ আহমেদ বলেন, “আমার গোলে মোহামেডান জিততে পেরেছে বলে খুবই গর্বিত বোধ করছি। বড় ম্যাচে সুযোগ আসে কম। দুএকটি সুযোগ কাজে লাগাতে না পারলে সফলতা পাওয়া মুশকিল হয়ে পড়ে।”
